মাগুরায় মোহামেডানের ডাবল হ্যাটট্রিক

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:৪২
অনেকের কাছে খটকা লাগতে পারে। ভুল করে লেখা হয়েছে কিনা। কারণ এটা তো ক্লাবের নাম। মানুষের নাম তো এটা হতে পারে না। কারও বিশ্বাস হোক বা না হোক এটাই সত্য। মোহামেডান নামে এক ফুটবলার মাগুরার জেলা লিগে ডাবল হ্যাটট্রিক করেছেন। গতকাল মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগে ইয়ংস্টার একাডেমি ১০-০ গোলে হারিয়েছে তৌহিদ স্মৃতি সংঘ পাঠাগারকে। এই ম্যাচে তিন হ্যাটট্রিকও হয়েছে। মোহামেডান ছয়টি এবং রানা তিনটি, শহিদ একটি গোল করেন। ২১ বছরের তরুণ মোহামেডান তার ডাক নাম। ভালো নাম ইব্রাহিম হোসেন; কিন্তু সবাই তাকে মোহামেডান নামেই চেনেন। ভালো খেলার জন্য মোহামেডানের ডাক পড়ে পাড়া মহল্লা ছেড়ে দূর-দূরান্তে। ঢাকায় টঙ্গী ক্রীড়া চক্র তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগ ফুটবলে উঠেছে। সেখানে খেলেছেন মোহামেডান। ৯০ দশকের গোড়ায় তার জন্ম। আবাহনীকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার কারণে মামা মহসিন আদর করে ভাগ্নের নাম রাখেন মোহামেডান। সেই থেকে মোহামেডান নামের ছেলেটি এলাকায় ব্যাপক পরিচিতি পান। মাগুরার ইসলাম পাড়ার মিন্টু সড়কে অবস্থিত পূর্বাশা সিনেমা হলের পাশেই মোহামেডানের চায়ের দোকান। খেলা থাকলে তার বাবা লিয়াকত আলী চয়ের দোকানে বসেন। আর কাউকে না পাওয়া গেলে বন্ধ রেখেই মাঠে দৌড়। জেলা ফুটবল লিগের জন্য অনেক দিনই দোকানটি বন্ধ রাখতে হয়েছে বলে কাল টেলিফোনে জানালেন মোহামেডান। ডাক পেলে ঢাকা মোহামেডানে ফুটবল খেলতে চান উইংগার মোহামেডান। বললেন, আমার স্বপ্ন মোহামেডানে খেলব।’ যশোরে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জেলা ফুটবলে গতকাল তপন স্মৃতি সংসদ ২-১ গোলে ঈদগা ফুটবল কোচিং দলকে হারায়। জামালপুরে প্রত্যাশা তরুণ সংঘ ১-১ গোলে বেষ্ট ইলেভেন একাদশের সাথে ড্র করেছে।