গ্রীসের সুপার লিগের অপরাজিত দল অলিম্পিয়াকোস তাদের পর্তুগীজ কোচ লিওনার্দো জারদিমকে শনিবার বরখাস্ত করেছে। মাত্র সাত মাস আগে জারদিম অলিম্পিয়াকোসের দায়িত্ব নিয়েছিলেন। ক্লাব সূত্রে জানানো হয়েছে, গিয়ানিনার বিপক্ষে রবিবারের লীগ ম্যাচে গ্রীক জাতীয় গোলরক্ষক ও অলিম্পিয়াকোসের সাবেক তারকা এন্টোনিস নিকোপোলিডিস দলের কোচের দায়িত্ব পালন করবেন। দুই বছরের চুক্তিতে মৌসুমের শুরুতে ৩৮ বছর বয়সী জারদিম অলিম্পিয়াকোসে যোগ দেন। তার অধীনে ১৭ ম্যাচে সুপার লিগে শীর্ষ দল হিসেবে এ পর্যন্ত অলিম্পিয়াকোসের সংগ্রহ ৪৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে পিএওকে’র তুলনায় যা ১০ পয়েন্ট বেশি।
নিজ দেশে শীর্ষ দল হিসেবে আধিপত্য বজায় রাখলেও চলতি বছরের চ্যাম্পিয়নস লীগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে অলিম্পিয়াকোস। সামপ্রতিক সময়ে দলের কৌশল নিয়ে সমালোচক ও সমর্থকদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে গ্রীসের ঘরোয়া লিগের শীর্ষ সারির এই দলটি।- বাসস/এএফপি
