রাঙ্গামাটি চ্যাম্পিয়ন

আপডেট : ২০ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা একাদশকে ২-০ গোলে হারিয়ে রাঙ্গামাটি শিরোপা জিতে নেয়। রাঙ্গামাটির পক্ষে বিদেশি খেলোয়াড় ইয়াইয়া সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন। সুশৃঙ্খল দল হিসেবে পুরস্কৃত করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাদশকে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য উষাতন তালুকদার ও জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণকালে পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার রাঙ্গামাটি মারী স্টেডিয়ামের অসম্পূর্ণ কাজ আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে বলে ঘোষণা দেন। উল্লেখ্য, ৮ জানুয়ারি শুরু হওয়া এই গোল্ডকাপ টুর্নামেন্টে রাঙ্গামাটির মারী স্টেডিয়াম ও ফেনী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের ১২টি দল অংশ নেয়।