ফণী আসছে, ৮ লাখ মানুষকে সরালো ভারত

আপডেট : ০২ মে ২০১৯, ১৬:০৭

অত্যন্ত শক্তিশালী আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় ফণী। বৃহস্পতিবার আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার দুপুরের দিকে ওডিশার উপকূল এলাকায় গোপালপুর, চাঁদবালি ও পুরীর উপর দিয়ে বয়ে যেতে ফণী। তাই এরই মধ্যে ভারতের ওডিশায় ৮ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।  টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, ঝড়টির গতিবেগ থাকবে ঘণ্টায় ১৭০-১৮০ কিমি থেকে ২০০ কিমির মধ্যে। ওডিশায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ফণীর থেকে বাঁচাতে পুরী শহর থেকে কলকাতা পর্যন্ত বিশেষ ট্রেন ও বাস চালুর ঘোষণা দেয়া হয়েছে।  

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ফণীর ব্যাপকতাকে নজরে রেখে আগামী দুদিনে পূর্ব উপকূলীয় রেল শাখায় বাতিল করা হয়েছে ১০০টির বেশি ট্রেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের পর্যটকদের সুরক্ষিত ভাবে রাজ্যে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হয়েছে একটি বিশেষ ট্রেনের। যা দুপুর ১২টায় পুরী থেকে রওনা হবে ও রাত ৯টায় এসে পৌঁছবে হাওড়ার শালিমার স্টেশনে।

ট্রেনটি থামবে খুরদা, ভুবনেশ্বর, কটক, জাজাপুর, কেন্দুঝড়, ভদ্রক, বালেশ্বর ও খড়গপুরে। ইস্ট-কোস্ট রেলের তরফে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ রিলিফ ট্রেনও।

আরও পড়ুনঃ দেহরক্ষীকে বিয়ে করলেন থাই রাজা

পর্যটকদের জন্য পুরী থেকে বিশেষ বাসও ঘোষণা করেছে ওডিশা প্রশাসন। বৃহস্পতিবার সকালে OSRTC-র পাঁচটি বাস পুরী থেকে কলকাতার দিকে যাত্রা শুরু করবে। কালেক্টরের অফিস, ত্রাণ বিভাগের অফিসার ইন-চার্জ ও পুরীর পুনর্বাসন বিভাগ থেকে এ বিষয়ে তথ্য পাওয়া যাবে।

ইত্তেফাক/টিএস