টিকিট বিক্রিতে সাড়া মেলেনি খুলনায়

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
খুলনায় বিপিএলের টিকিট বিক্রির প্রথম দিনে তেমন সাড়া পাওয়া যায়নি। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এয়ারটেল ও জেলা স্টেডিয়াম কাউন্টারে একটি টিকিটও বিক্রি হয়নি। ব্যাংকের দুটি শাখায় বিক্রি হয়েছিল মাত্র ৭৫টি টিকিট। অবশ্য দিন শেষে এ সংখ্যা গিয়ে দাঁড়ায় আটশ’তে। এদিকে গতকাল সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনে সময় কাটিয়েছে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স এবং ঢাকা গ্ল্যাডিয়েটরস। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল সোমবার সকাল ১০টা থেকে ব্যাংক ও এয়ারটেল সেন্টারে টিকিট বিক্রি শুরু হয়। তবে, গত নভেম্বর মাসেও ওয়েস্ট ইন্ডিজ ও জাতীয় দলের ক্রিকেট ম্যাচের টিকিট নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, গতকাল টিকিট কাউন্টারগুলো ঘুরে তার ছিটেফোটাও চোখে পড়েনি। বেলা ১১টা ১৫ মিনিটে শেখপাড়া তেতুলতলা মোড়ের এয়ারটেল পয়েন্টের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এখনো কোনো টিকিট বিক্রি হয়নি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খান জাহান আলী ব্র্যাঞ্চ ইনচার্জ মাহবুব ফারুকী জানান, ১২টা পর্যন্ত তার শাখায় ২২ ও ২৩ জানুয়ারির ৭৫টি টিকিট বিক্রি হয়েছে। একই অবস্থা ছিল অন্য স্থানগুলোয়। তবে দিন শেষে ব্যাংক ও এয়ারটেল পয়েন্টের কর্মকর্তা জানিয়েছেন প্রথম দিনে তাদের বিক্রি হয়েছে ৮শ’ টিকিট। অপর দিকে খুলনায় ছুটির দিনে মাঠেই সময় কাটিয়েছে চিটাগাং কিংস, রংপুর রাইডার্স এবং ঢাকা গ্লাডিয়েটরস এর খেলোয়াড়রা। সকাল ৮টায় প্রথম আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনে আসে রংপুর। সকাল সোয়া ১০টায় চিটাগাং কিংস ও দুপুর দু’টায় অনুশীলনে ছিলেন ঢাকা গ্লাডিয়েটরসের খেলোয়াড়রা। তবে অনুশীলনের মূল আকর্ষণ ছিলো ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। এদিকে দর্শকদের জন্য আনন্দের খবরের মধ্যে অন্যতম হচ্ছে, বিশ্বসেরা অল রাউন্ডার সাাকিব আল হাসান খুলনায় এসেছেন নববধূ শিশিরকে নিয়ে। রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রথম দল হিসেবে ব্রায়ান লারা ও চিটাগাং কিংস খুলনায় আসে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খুলনায় আসে ঢাকা গ্লাডিয়েটরস। তারাও একই হোটেলে অবস্থান নিয়েছে। রাত আটটায় হোটেল টাইগার গার্ডেনে পৌঁছায় রংপুর রাইডার্সের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা দু’টায় চিটাগাং কিংস ও রংপুর রাইডার্সের ম্যাচের মধ্য দিয়ে খুলনায় অভিষেক ঘটবে বিপিএলের। অপর ম্যাচে খেলবে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও দুরন্ত রাজশাহী।