বিপিএলে এর মধ্যে নিজের প্রথম ম্যাচ খেলে ফেলেছেন চিটাগং কিংসের শন টেইট। দ্বিতীয় ম্যাচ খেলার জন্য এখন তিনি খুলনায়। সেখান থেকে জানালেন নিজের ও দলের লক্ষ্য সম্পর্কে—
প্রথম ম্যাচ নিয়ে কি ভাবছেন?
প্রথম ম্যাচটি আমাদের খারাপ গেছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও ভালো বল করতে পারিনি। আশা করছি পরের ম্যাচে আমি ফিরে আসতে পারব। যে বল আমি করেছি, আমি এর চেয়ে ভালো বল করতে পারি। আমাদের দলে কিছু ভালো বিদেশি ও স্থানীয় খেলোয়াড় আছে। আমরা জানি দলের কি করা উচিত। এই টুর্নামেন্টে ভালো না করার কোন কারণ নেই। আমরা আজ (কাল) এখানে ট্রেনিং করেছি। আশা করছি ভালো পারফর্ম করতে পারবো।
আপনি তো অনেক বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি ম্যাচকে কতটা উপভোগ করছেন?
টি-টোয়েন্টির এ ধরনের টুর্নামেন্টের একটা ভালো দিক রয়েছে। ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন খেলোয়াড় পাবেন এখানে এবং অনেক অভিজ্ঞ খেলোয়াড়ের সান্নিধ্যও পাবেন। আমি মনে করি, ড্রেসিংরুম থেকে খুব তাড়াতাড়ি অনেক কিছু শেখা যায় এ ধরনের টুর্নামেন্ট থেকে।
বিপিএল এবং অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে পার্থক্য কি?
অবশ্যই পার্থক্য আছে। এখানে বিভিন্ন খেলোয়াড় যেমন রয়েছে তেমনি কন্ডিশনটাও ভিন্ন। আমি গত ম্যাচের আগেরদিন রাতে ঢাকায় এসেছি। আর টুর্নামেন্টও মাত্র শুরু হয়েছে, এখনি এই বিষয়ে কিছু বলা ঠিক হবে না।
দ্রুত এই কন্ডিশনের সাথে খাপ খাওয়ানাটা কি জরুরি নয়?
আমি গত ম্যাচে অনেক ওয়াইড ও নো বল করেছি। খারাপ সময় গেলে এরকম হয়ে থাকে। আবার মাঝে-মধ্যে ভালো সময়ও যায়। আমরা মাত্র একটি ম্যাচ খেলেছি। আশা করছি পরের ম্যাচে আমরা ভালো করতে পারবো।
চিটাগং কিংস থেকে কি প্রত্যাশা করছেন?
কাগজে-কলমে আমাদের সেরা স্কোয়াড হয়েছে। তাই ফাইনালে না যাওয়ার কোনো কারণ নেই।
