মেজর জিয়ার উপর হামলার প্রতিবাদ

পিরোজপুরে মানববন্ধন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
মুক্তিযুদ্ধে সুন্দরবন সাবসেক্টর কমান্ডার, দুবলা ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান ও পিরোজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদকে গুলি করে আহত করার প্রতিবাদে গতকাল সোমবার জেলা শহরে এক মানববন্ধন করা হয়। শহরের ক্লাব রোড ও শহীদ ওমর ফারুক রোডের দু’পাশে শত-শত মানুষ দেড়ঘন্টা ধরে দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আইনজীবী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, পৌরসভার কাউন্সিলর ও কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক, পরিবহন মালিক, এনজিও কর্মী, সমাজকর্মী, ছাত্র-ছাত্রীসহ পিরোজপুরের সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট এম.এ মান্নান, ফারুক সরদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সেন্টু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রফেসর নরেন্দ্র নাথ রায়, জেলা মহিলা পরিষদ সভানেত্রী মানিকা মন্ডল, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা.তপন বসু ও শাহনাজ পারভীন, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, সাবেক পৌর ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার, উন্নয়ন সংগঠক জিয়াউল আহসান, ভান্ডারিয়া সমিতির উপদেষ্টা হারুন অর রশীদ, সাবেক পৌর কাউন্সিলর হানিফ সিকদার, রাজনৈতিক নেতা সাইদুল ইসলাম কিসমত, মির্জা জহুরুল হক ও সাইদুল ইসলাম ডালিম, যুবনেতা মিজানুর রহমান শাহীন, সাবেক ছাত্র নেতা মাকসুদুল ইসলাম লিটন সিকদার, সালাউদ্দিন মুক্তা প্রমুখ। উল্লেখ্য, মেজর জিয়াউদ্দীন গত শুক্রবার দুপুরে খুলনা থেকে সুন্দরবন যাওয়ার পথে চরপুটিয়ায় ডাকাত মুর্তুজা বাহিনীর আক্রমণের শিকার হন। এ সময় ডাকাতদের সাথে গুলি বিনিময়ে তাঁর মাথায় গুলি লাগে।