এই শুরুটা ধরে রাখতে হবে —মোহাম্মদ আশরাফুল

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
দীর্ঘদিন পর আবার স্বরূপে ফিরেছেন এই বিপিএলে। খুলনাবাসীকে নিজের দুর্দান্ত ফর্মটা দেখাতে প্রস্তুত এখন মোহাম্মদ আশরাফুল। খুলনা থেকে জানালেন সেই লক্ষ্যের কথা— প্রথম দুই ম্যাচে দুশো’র উপরে রান করে দুটি ম্যাচই জিতেছে আপনার দল। মানসিকভাবে দল নিশ্চয়ই চাঙ্গা রয়েছে? দুটি ম্যাচ জিতে দল অবশ্যই চাঙ্গা রয়েছে। স্কোরবোর্ডে ভালো রান যেমন উঠেছে তেমনি বোলাররাও তাদের কাজ সঠিকভাবে করেছে। এই দুটির কম্বিনেশনে দলও প্রথম দুটি ম্যাচ ভালোভাবে শেষ করতে পেরেছে। তাই আশা করছি পরের ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। খুলনায় পরের দুই ম্যাচ আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে চাই। প্রথম ম্যাচে দারুণভাবে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ভালো একটি ইনিংস খেলেছেন। এখন পর্যন্ত নিজের পারফর্মেন্স নিয়ে কি সন্তুষ্ট? বিপিএল শুরুর আগে আমার একটা লক্ষ্য ছিল, ঝড়ো ব্যাটিং করে দলকে ভালো একটা শুরু এনে দেয়া। আশা করছি, লক্ষ্য অনুযায়ী আমি সফল হয়েছি। এই ধারাটা পরের ম্যাচেও ধরে রাখতে চাই। প্রথম ম্যাচে সেভাবে শুরু করেছি বটে, কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারিনি। চেষ্টা করবো পরের ম্যাচে এটি যাতে না হয়। আপনি আবার রানের মধ্যে ফিরেছেন। আপনার এই পারফরমেন্স দল কতটা উপভোগ করেছে? দল তো অবশ্যই আমার এই খেলা উপভোগ করছে। একই ভাবে আমি নিজেও আমার খেলা উপভোগ করছি। কাল (আজ) আপনাদের প্রতিপক্ষ দুরন্ত রাজশাহী। প্রতিপক্ষ নিয়ে কোন পরিকল্পনা কি আছে? টি-টোয়েন্টি ম্যাচে সব দলই সমান। অনেকে বলবে কাগজে কলমে দুরন্ত রাজশাহী দুর্বল দল, কিন্তু তাদের প্রথম ম্যাচের দিকে তাকান। আমি বলবো তারা দারুণ ক্রিকেট খেলেছে। তাই তাদেরকে হাল্কাভাবে নেয়ার কোন কারণ নেই। মাঠে কেমন পারফর্মেন্স করবেন দিন শেষে সেটিই দেখবে সবাই।