মির্জাপুরে এক এসএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানি

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০৪
এবার এসএসসি পরীক্ষার্থীনী এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করেছে এক যুব দলের নেতা। লোকলজ্জার ভয়ে ঐ ছাত্রীটি এখন স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। ছাত্রীটির এসএসসি পরীক্ষা দেয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ধর্ষণকারী প্রভাবশালী হওয়ায় নিরীহ পরিবারটি থানায় মামলা করতে পারছে না। ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গোড়ান-সাটিয়াচড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গত রবিবার জামুকি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ ছাত্রীকে বানিয়ারা গ্রামের নবীনুর রহমানের ছেলে বিপ্লব (২৬) বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। সে মির্জাপুর উপজেলা যুব দলের নেতা। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে ফেলায় প্রতারক বিপ্লব পালিয়ে যায়। গত শুক্রবার বিকেলে এ নিয়ে গোড়ান গ্রামে এক গ্রাম্য সালিশ বসে। সালিশে বিপ্লব উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত উপস্থিত না হওয়ায় বিচার হয়নি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ধর্ষক ও যুব দলের নেতা বিপ্লবের সঙ্গে বার বার যোগাযোগ করেও তাকে এলাকায় পাওয়া যায়নি। এ ব্যাপারে বানিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ভানু রঞ্জন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে ধর্ষণের এই ঘটনাটির মূল হোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। লালমোহনে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন লালমোহন (ভোলা) সংবাদদাতা লালমোহনে ৭ম শ্রেণির মাদরাসা ছাত্রী গণধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর সকল সামাজিক সুবিধা নিশ্চিত করা এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার বিকেলে লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজারে এ মানববন্ধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন ইউনিয়ন জনসংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে রমাগঞ্জ ১নং ওয়ার্ড মেম্বার আলী আহমেদ, ২নং ওয়ার্ড মেম্বার আব্দুস শহিদ, ইউনিয়ন জনসংগঠনের সহ-সমন্বয়কারী মো. মির্জাউল করিমসহ স্থানীয় বাজার ব্যবসায়ী এবং জনসংগঠনের নারীরা অংশগ্রহণ করে। এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ খন্দকার মিজানুর রহমান জানান, মামলার প্রধান আসামি শিক্ষক রাজীবকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। পাকুন্দিয়ায় বখাটের দু’মাসের কারাদণ্ড পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ায় হাজী সেকান্দার আলী দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর এক ছাত্রীকে যৌনপীড়নের অভিযোগে রাজিব মিয়া (১৮) নামের এক বখাটেকে দু’মাসের কারাদণ্ড দিয়েছেন। বখাটে রাজিব উপজেলার চরদেওকান্দি গ্রামের লাল মিয়ার পুত্র। মাদরাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছে মর্মে ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিবার বিকালে মাদরাসার রাস্তা থেকে হাতে-নাতে আটক করেন বখাটেকে। আটকের পর দু’মাসের কারাদণ্ড দিয়ে রাজিবকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।