চেন্নাই দাবায় নিয়াজ ও জিয়ার ড্র

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:২৬
ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠানরত চেন্নাই সুপার কিংস পঞ্চম গ্র্যান্ডমাস্টারস দাবার নবম রাউন্ডের খেলায় গতকাল নিয়াজ ও জিয়া ড্র করেছেন। গতকাল নবম রাউন্ডের খেলায় নিয়াজ ভারতের গ্র্যান্ড মাস্টার এমআর ললিত বাবুর সাথে ড্র করেন। নিয়াজ কালো ঘুঁটি নিয়ে ললিতের অনিয়মিত ওপেনিং ধারার খেলায় ২৮ চালের মাথায় ড্র করেন। জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার রামনাথ ভূবনেশের সাথে ড্র করেন। জিয়া কালো নিয়ে পার্ক ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে রামনাথের অস্ট্রিয় এ্যাটাকের বিরুদ্ধে খেলে ২৭ চালের মাথায় ড্র করেন। নবম রাউন্ড শেষে মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ নয় খেলায় সাত পয়েন্ট নিয়ে অন্য ১০ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। মোহামেডানের অপর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে ছয় পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। নয় খেলায় সোনালী ব্যাংকের আনিসুজ্জামান জুয়েল পাঁচ পয়েন্ট, তিতাস ক্লাবের জামাল উদ্দিন ও টয়োটা মোটরস’র রানা চৌধুরী সাড়ে চার পয়েন্ট করে, সুলতানা কামাল পাঠাগারের কাজী তাহেরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের এসএম সরন চার পয়েন্ট করে এবং তিতাস ক্লাবের মোঃ সাইফ উদ্দীন সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন।