শিক্ষার্থীদের ইংরেজিতে আরো দক্ষ করার লক্ষ্যে রাজধানীর ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে ইংরেজি ভাষার উত্সব। প্রথমবারের মতো ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ উত্সব অনুষ্ঠিত হচ্ছে। ব্যতিক্রমী এ উত্সবে ভিকারুন নিসা নুন স্কুল এ্যান্ড কলেজ ছাড়াও নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ, অগ্রণী গার্লস স্কুল, সেন্ট যোশেফ স্কুল এবং রাজউক উত্তরা মডেল কলেজের ৫শ’ শিক্ষার্থী অংশ নিচ্ছে। উত্সবের আয়োজন করেছে ভিকারুন নিসা নুন স্কুল এ্যান্ড কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। গতকাল সোমবার ভিকারুন নিসা নুন স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে উত্সবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগজাদি মাহমুদা নাসির। সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন লতিফা বেগম। অনুষ্ঠানে ভিকারুন নিসা নুন স্কুলের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম এবং ক্লাবের মডারেটর জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করে। ভিকারুন নিসা নুন স্কুল এ ধরনের উত্সব আরো আয়োজন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ উত্সবে হবে ৬ ধরনের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি বলার সাহস তৈরি হবে। শিক্ষার্থীরা কত দ্রুত ইংরেজি বলতে ও বুঝতে পারে তা-ই এ প্রতিযোগিতার মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হবে পুরস্কার। আজ প্রতিষ্ঠানে সকাল ৮টায় প্রতিযোগিতা শুরু হবে। আর আগামীকাল প্রতিযোগিতা শেষে পুরস্কৃত করা হবে বিজয়ী শিক্ষার্থীদের। উত্সবের শ্লোগান, দা লিমিটস অব মাই ল্যাঙ্গুয়েজ আর দ্যা লিমিটস টু মাই ওয়ার্ল্ড। উত্সব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। গতকাল সকাল থেকেই নৃত্য-সঙ্গীত ও ঢাক-ঢোল পিটিয়ে অনুষ্ঠানের জানান দেয় শিক্ষার্থীরা।
