প্রধানমন্ত্রীর কাছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যানের আবেদন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
চাকরি জাতীয়করণের দাবিতে ডাকা অবস্থান কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখার আবেদন জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটে চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া। গতকাল সোমবার তিনি প্রধানমন্ত্রীর কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছেন। আবেদনপত্রে তিনি বলেন, দেশের ৩০ হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসার ৫ লক্ষ বেসরকারি শিক্ষক-কর্মচারী আপনার নিকট চাকরি জাতীয়করণ প্রত্যাশা করে। অতিরিক্ত কোন অর্থ ছাড়াই এসব শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণ করা যায়। আবেদনপত্রে তিনি বলেন, ১৯৭৪ সালে যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন। গত ৯ জানুয়ারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়ে আপনি ইতিহাস সৃষ্টি করেছেন। লিখিত আবেদনপত্রে সেলিম ভুঁইয়া আরো বলেন, আমরা রাস্তায় কোন কর্মসূচি দিতে চাই না। আগামী ২৩ জানুয়ারির পূর্বে আপনার সুবিধামত সময়ে আলোচনায় বসার ঘোষণা দিলে আমরা কৃতজ্ঞ থাকবো। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।