আবহমান বাংলার সুস্বাদু পিঠার কথা স্মরণ করিয়ে দিতেই সমপ্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ তাদের নিজস্ব অডিটরিয়ামে শুরু করেছে ‘পিঠা উত্সব’। অনুষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান মোর্শেদা চৌধুরী এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। উপাচার্য বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের বাস্তব ও কর্মমুখী শিক্ষার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য লালন করার শিক্ষাও দিয়ে থাকে। আজকের পিঠা উত্সব তারই স্বাক্ষর বহন করে। পিঠা উত্সবে চাঁদপুলি, ভাপা পিঠা, পাখন পিঠা, চিতই পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, পাতা পিঠা, পাঠি সাপটা ও কুলি পিঠাসহ বাহারী পিঠার সমারোহ ঘটেছে। আর তাইতো এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছে ছাত্র ও ছাত্রীসহ সকলের মাঝে।
