আজ দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাকের শুভ জন্মদিন। সত্তরটি বছর পাড়ি দিয়ে আজ তিনি পা রাখছেন ৭২-এ। প্রতি বছরই তিনি ঘরোয়াভাবে বন্ধু-বান্ধবদের নিয়ে জন্মদিন পালন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশানস্থ তার নিজস্ব বাস ভবন ‘লক্ষ্মীকুঞ্জ’তে এক ঘরোয়া উত্সবের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৪২ সালের এই দিনে তিনি কলকাতার নাকতলায় জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্বরসতী পূজা চলাকালীন সময়ে মঞ্চ নাটকে অভিনয়ের জন্য তার গেম টিচার রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন নায়ক অর্থাত্ কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক ‘বিদ্রোহী’-তে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্যদিয়েই নায়ক রাজের অভিনয়ে সম্পৃক্ততা। ১৯৬৪ সালে তিনি ঢাকায় আসেন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আব্দুল জব্বার খানের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান। এখন তিনি নিয়মিত ছোট পর্দার নাটক টেলিফিল্মে অভিনয় করছেন। পাশাপাশি পরিচালনারও কাজটি করছেন। একটি চলচ্চিত্রও পরিচালনা করছেন তিনি।
