সুন্দরবনের চরাপুটিয়া এলাকায় গত ১৮ জানুয়ারি বনদস্যুদের গুলিতে আহত মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার ও দুবলা ফিশারমেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান এবং সুন্দরবন দস্যুমুক্ত করার দাবিতে প্রতিবাদ সভা করেছে বাগেরহাটের শরণখোলার মুক্তিযোদ্ধারা।
গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে কমান্ডার এমএ খালেক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডেপুটি কমান্ডার আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম খান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, যুদ্ধকালীন অফিসার হেমায়েত উদ্দিন বাদশা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান হাওলাদার, ডা. হায়াতুজ্জামান, ডা. মোকছেদুর রহমান, ইউসুফ আলী মুন্সী প্রমুখ। বক্তারা, মুক্তিযুদ্ধে মেজর জিয়াউদ্দিনের বীরত্বপূর্ণ অবদানের স্মৃতিচারণ করে বলেন, দস্যুরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে। দস্যুদের এখনই প্রতিহত না করা হলে আরো বড় ধরনের হামলার আশঙ্কা। তারা সুন্দরবন দস্যুমুক্ত করতে জিয়াউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করে অভিযান পরিচালনার জন্য সরকারের প্রতি দাবি জানান। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন মেজর জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
কমান্ডার এমএ খালেক খান জানান, স্কয়ার হাসপাতালে মেজর জিয়ার নিরাপত্তার জন্য গত ২০ জানুয়ারি শরণখোলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে যুদ্ধকালীন কমান্ডার নজরুল ইসলাম লালের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল পাঠানো হয়েছে।
