‘হোম’ থেকে জয়যাত্রা শুরু করতে চায় খুলনা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১১
এখনও পর্যন্ত চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো জয় পায়নি খুলনা রয়েল বেঙ্গলস। এবার নিজেদের মাঠ থেকে জয়ের ধারায় ফিরতে চায় খুলনা। অন্তত তেমনই আশা করছেন দলের অধিনায়ক শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জেতার সামর্থ্য আছে। সেটাই এই মাঠ থেকে শুরু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এখান থেকে জয় শুরু করতে পারি।’ খুলনা দল মূলত শুরুতে ছিল পাকিস্তানী খেলোয়াড়দের কেন্দ্র করে গড়া। কিন্তু তারা না আসায় দারুণ সংকটের ভেতর দিয়ে শুরু হয়েছিল খুলনার অভিযান। শুরুর সে ধাক্কা খুলনা কাটিয়ে উঠেছে বলেই দাবি করছেন নাফীস, ‘এখন আর এটা কোন সমস্যা নয়। তাদের থেকেও আমাদের টিমে আরো ভাল খেলোয়াড় আছে। ক্রিকেট মাঠে নাম দিয়ে খেলা হয় না। শরীর বা চেহারা দিয়েও খেলা হয় না। খেলা হয় টিম স্পিরিট দিয়ে।’ আর এই ‘স্পিরিট’টাই তারা নিজেদের হোম ভেন্যুতে খোঁজ করছেন। আসলে নাফীস মনে করেন, এভাবে সব দলেরই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলে বিপিএলের আকর্ষণ আরো বাড়ত। সঙ্গে দলগুলোও অনেক অনুপ্রাণিত হতো বলে তার বিশ্বাস, ‘বিপিএল খেলা হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতেই হওয়া উচিত। তাহলে টিমগুলোর সঙ্গে সে অঞ্চলের মানুষের সম্পর্ক গড়ে উঠত। তাতে আরো বেশী দর্শক মাঠে আসত। দর্শকরা খেলা দেখার প্রতি আরো উত্সাহিত হত। প্রত্যেক টিমে আঞ্চলিক খেলোয়াড় বেশি থাকা উচিত। একদিকে অধিনায়ক যখন এলাকার সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা বলছেন, তখনই খুলনা রয়েল বেঙ্গলস দলের বিপক্ষে স্থানীয়দের অভিযোগ, তারা এলাকাকে একদমই পাত্তা দেননি। খুলনার এক সাবেক ক্রিকেটার বলছিলেন, ‘আমরা খুলনার সমর্থন করবো কিভাবে? তাদেরকে আমরা চিনিও না, জানি না। বাণিজ্যিক ক্রিকেট বলে খুলনার নামকে কেউ ইচ্ছা মতো ব্যবহার করবে; আর আমরা সমর্থন দেব, তা কী করে হয়!’ খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান বলেন, খুলনা বাদে অন্য দলগুলো নিজ শহরে অনুষ্ঠান করেছে। অথচ এ দলটি আমাদের আগে থেকে কিছুই জানায়নি। খুলনা রয়েল বেঙ্গলসের ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি এসব অভিযোগের জবাবে বলেন, ‘প্রথম থেকেই আমাদের পরিকল্পনা ছিলো খুলনাতে বড় ধরনের অনুষ্ঠান করার। কিন্তু হঠাত্ করেই পাকিস্তানি খেলোয়াড় নিয়ে অনেক বড় সমস্যায় পড়ে যায় খুলনা রয়েল বেঙ্গলস। একাদশ সাজানো নিয়েই আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তবে এখন আমরা কিছুটা ধকল কাটিয়ে উঠিয়েছি। আশা করছি খুলনাবাসী বিষয়টি সহজভাবে নিবেন। তিনি মনে করিয়ে দেন আমাদের পরিকল্পনা অনুয়ায়ী আমরা খুলনাতেই মিট দ্য প্রেস করছি। যেখানে অন্য দলগুলো ঢাকায় মিট দ্য প্রেস করেছে।’ রনির এই সান্ত্বনার পাশাপাশি গতকাল মঙ্গলবার এক র্যালির মধ্যে দিয়ে খুলনাবাসীকে সম্পৃক্ত করলো দলটি। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, ক্রিকেটার শাহরিয়ার নাফীসসহ ক্লাব কর্মকর্তারা ছিলেন এই র্যালিতে। সকাল ১০টায় রূপসা মোড় থেকে র্যালী শুরু হয়ে আহসান আহমেদ রোড, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা মোড়, শিববাড়ি মোড়, বয়রা, দৌলতপুর, নতুন রাস্তা, সোনাডাঙ্গা হয়ে রয়েল মোড়ে এসে শেষ হয়েছে।