বিপিএল আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১২
গতবার সাফল্যের সাথে বিপিএল আয়োজন করে সুনাম অর্জন করা বন্দর নগরী চট্টগ্রাম টি-টোয়েন্টিভিত্তিক টুর্নামেন্টটি আয়োজনে প্রস্তুত। এ জন্য বিপিএলের নতুন ভেন্যু এমএ আজিজ স্টেডিয়ামকে সাজানো হচ্ছে নতুন আঙিকে। চট্রগ্রামে গেলবারের ভেন্যু সাগরিকার জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম শহর থেকে দূরে হলেও দর্শকে ছিল টইটুম্বুর। এবার পাকিস্তানি ক্রিকেটারদের না থাকায় আয়োজনের বিচারে আকর্ষণে কিছুটা ছেদ পড়েছে। তারপরও স্থানীয় সংগঠকদের মধ্যে উত্সাহের কমতি নেই। বিপিএল ক্রিকেটের আগের আসরের ধারাবাহিকতা তারা এবারও ধরে রাখতে বদ্ধপরিকর। সিংহভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে উইকেট ও মাঠ প্রস্তুতির কাজ। জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন গেমসের কারণে মাঠের লাগানো ঘাস বিবর্ণ হয়ে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মাঠ কর্মীদের নিরলস প্রচেষ্টায় মরা ঘাসগুলোয় জীবন ফিরে এসেছে আবার। দীর্ঘ সাত বছর পর এমএ আজিজ স্টেডিয়ামে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরে এসেছে। সংস্কার কাজের পর সম্পূর্ণ পাল্টে গেছে এমএ আজিজ স্টেডিয়ামের চেহারা, ক্রিকেটারদের ড্রেসিং রুম। ক্রিকেট সংশ্লিষ্ট কর্তাদের বসার স্থান, মিডিয়া সেন্টার ও ফ্লাডলাইট বসানোর কাজও শেষ হয়েছে। এমএ আজিজের টাওয়ারের অধিকাংশ বাল্ব নষ্ট হয়ে যাওয়ায় জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের সমস্ত ফ্লাডলাইট এখানে লাগানো হয়। ক্রিকেট সংশ্লিষ্ট যাবতীয় স্থাপনা সংস্কার কাজের জন্য ব্যয় করা হয়েছে প্রায় সোয়া দুই কোটি টাকা। বিসিবি’র নির্দেশ মতো যাবতীয় অর্থ ব্যয় করা হচ্ছে। ২০১৪ সালে বিশ্বকাপ টি-টুয়েন্টি ক্রিকেট আয়োজনের কাজে লাগবে এমএ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন স্থাপনাগুলো। বিপিএল চট্টগ্রাম পর্বে পাঁচদিনে খেলা হবে ১০টি। ২৮ জানুয়ারি দুপুর ২টায় প্রথম ম্যাচে চিটাগং কিংস ও সিলেট রয়্যালস এবং সন্ধ্যা ৬টায় বরিশাল বার্নার্সের সাথে দূরন্ত রাজশাহীর প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শুরু হবে এ পর্ব। ইউসিবিএলের ওআর নিজাম রোড শাখা, দামপাড়া শাখা ও কদমতলী শাখা এবং এয়ারটেলের বিভিন্ন সেন্টার ও এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম ভবনের কাউন্টার খেলাগুলোর টিকেট পাওয়া যাবে। প্রত্যেকদিন ম্যাচ শেষে দর্শকের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে গতকাল দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বিসিবি এডহক কমিটির সদস্য আ.জ.ম নাছির উদ্দিন বিপিএল আয়োজনের ব্যাপারে বিস্তারিত জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবরের সঞ্চালনে মিডিয়া উপ-কমিটির কনভেনর ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও অ্যাকটিভ সার্ভিসের প্রতিনিধি ওমর গনী চৌধুরী।