অস্ট্রেলিয়ান ওপেন

শেষ চারে শারাপোভা-জোকোভিচ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১৩
ফেভারিট মারিয়া শারাপোভাকে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলতে হলে সেমিফাইনালে চীনের লি না’র প্রতিরোধকে উপেক্ষা করতে হবে। অপরদিকে আরেক ফেভারিট নোভাক জোকোভিচ শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেলেন ডেভিড ফেরারকে। রহস্যের কিনারা করতে না পেরে শেষ আটেই বিদায় নিতে হয়েছে নিকোলাস আলমেগ্রোর। সেমিতে ফেরার খেলবেন বিপক্ষে। শারাপোভা এবারের আসরে দুরন্ত গতিতে ছুটে চলেছেন। এই ছুটে চলার পথে পাঁচ ম্যাচে হেরেছেন মাত্র নয়টি গেম। উড়িয়ে দিয়েছেন সামনে আসা বিপক্ষদের। গতকাল মঙ্গলবার নবম দিন পার করা বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্টটিতে খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক ঔজ্জল্য ছড়ানো নামটিই হবে রাশিয়ান গ্লামার কুইন শারাপোভা। গত আসরের মতো এবারও কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন স্বদেশী একেতেরিনা ম্যাকারোভার। মেলবোর্নের টেনিস কোর্টে এ পর্যন্ত কেবল পাঁচ ঘন্টা ১৫ মিনিট কাটানো শারাপোভার বিধ্বংসী রূপের সামনে দাঁড়াতেই পারেননি ম্যাকারোভা। রুশিটি জিতেছেন ৬-২,৬-২ গেমে। কলার বোন ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন শারাপোভা। কিন্তু মেলবোর্নে এখন পর্যন্ত কোন ধরনের ইনজুরি সমস্যায় পড়তে হয়নি তাকে। তাই বলাই যায় কঠিন একটা চ্যালেঞ্জই অপেক্ষা করছে তার বিপক্ষ লি না’র সামনে। লি না টানা চতুর্দশ জয়ের লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে খেলতে নেমে চতুর্থ বাছাই অগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে হারিয়েছেন ৭-৫, ৬-৩ গেমে। ২০১১ সালের ফরাসি ওপেন জয়ী লি না খেলা শেষে বিপক্ষের যে প্রশংসা করেন তা শুধু সান্ত্বনাই হতে পারে পোলিশটির জন্য। লি বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে সে (রাদওয়ানস্কা) খুবই কঠিন। খেলার সময় আমার মনে হচ্ছিল আমি একটা দেয়ালের বিরুদ্ধে খেলছি।’ আজ অপর সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন ভিক্টোরিয়া আজারেঙ্কা-সভেত্লানা কুজনেতসেভা এবং দুই আমেরিকান সেরেনা উইলিয়ামস ও স্লোয়ান স্টিফেন্স। স্পেনের ফেরার পুরুষ এককে প্রথম খেলোয়াড় হিসেবে শেষ চারে পা রেখেছেন। টুর্নামেন্টের চতুর্থ বাছাই অবিশ্বাস্য এক কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন স্বদেশী নিকোলাস আলমেগ্রোকে। নিজের ডেভিস কাপ সতীর্থ ফেরার পুরো খেলোয়াড়ি জীবন জুড়ে এক রহস্যই হয়ে রইলেন আলমেগ্রোর কাছে। প্রতিযোগিতামূলক খেলায় এই নিয়ে দুজনে তেরবার মুখোমুখি হলেও আলমেগ্রো তাকে হারাতে পারেননি একবারও! যদিও বেশ কয়েকবারই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারই ফিরতে হয়েছে পরাজয়ের বেদনায় নীল হয়ে। প্রথম দুই সেট ৬-৪, ৬-৪ গেমে দারুণভাবে জিতে আরও একবার হয়তো ফেরারকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করেছিলেন আলমেগ্রো। তৃতীয় সেটের দশম গেমে এবং চতুর্থ সেটের দশম এবং দ্বাদশ গেমে ম্যাচ পয়েন্টের জন্য সার্ভও করেছিলেন আলমেগ্রো। তবে বার বারই তাকে শূন্য হাতে ফিরিয়েছেন ফেরার। শেষ পর্যন্ত পঞ্চম সেটে গড়ানো ম্যাচটি তিনি জিতে নেন ৪-৬,৪-৬,৭-৫,৭-৬(৭-৪),৬-২ গেমে। ফেরারও ম্যাচ শেষে স্বীকার করেন এই ম্যাচে জয়ের কথা ভাবতে পারেননি তিনি,‘এটা একেবারেই অবিশ্বাস্য যে আমি এই ম্যাচে জয় পেয়েছি। প্রতিটি পয়েন্টের জন্যই আমি যুদ্ধ করেছি। আমার খেলার ধরনটাই এমন। লড়াই করার জন্যই আমি কোর্টে নামি।’ সেমিতে ফেরার খেলবেন টুর্নামেন্টের এক নাম্বার বাছাই নোভাক জোকোভিচের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে এই সার্বিয়ান ৬-১,৪-৬,৬-১,৬-৪ গেমে হারান চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে। এদিকে মহিলা দ্বৈতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ভেনাস এবং সেরেনা উইলিয়ামস জুটি। মহিলা দ্বৈতে এক নাম্বার বাছাই সারা এরানি এবং রবার্তা ভিঞ্চি ৩-৬,৭-৬ (৭-১),৭-৫ সেটে হারিয়েছেন ১৩ টি গ্রান্ড স্লাম দ্বৈতের শিরোপাজয়ী উইলিয়ামস বোনদের।