ডাচ কোচরা আসছেন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১৪
এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করতে ডাচ কোচরা আসবেন বলে জানা গেছে। গতকাল রাতে ডাচ কোচ লডেইউক ডি ক্রুয়েফ এবং সহকারী কোচ রেনে কোস্তার বাফুফেকে জানিয়েছেন তারা আসবেন। চুক্তিবদ্ধ ক্লাবের সাথে আলোচনা করে বাফুফেকে জানিয়েছেন। ডাচ কোচদের সাথে বাফুফের চুক্তির মেয়াদ শুরু হবে জুনে। বাংলাদেশের লক্ষ্য হচ্ছে সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু তার আগে নেপালে মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এখানে বড় কোনো লক্ষ্য না থাকলেও আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ দলের ফুটবলারদের পারফরম্যান্স কেমন সেটা দেখতে চ্যালেঞ্জ কাপ ফুটবলের জন্য ডাচ কোচদের বড় অংকের পারিশ্রমিক দিয়ে আনা হচ্ছে। তিন সপ্তাহের জন্য আসলেও তাদের দিতে হবে এক মাসের বেতন, অন্যান্য সুবিধাসহ পঞ্চাশ লাখ টাকা। এছাড়াও সম্প্রতি তারা আরো ২০ হাজার ইউরো দাবি করেছেন বলে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন গতকাল জানিয়েছেন। চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাইপর্বের ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন, নেপাল এবং নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ড।