সম্মাননা পাচ্ছেন সাবেক ক্রীড়াবিদ কোচ কর্মকর্তারা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১৫
বাংলাদেশের হকির চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারি দিনব্যাপী উত্সবের আয়োজন করা হবে। বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত এ উত্সবে সম্মাননা তুলে দেয়া হবে পাঁচজন করে সাবেক ক্রীড়াবিদ ও কোচকে। এছাড়াও সম্মাননা দেয়া হবে কর্মকর্তা, ক্লাব, সার্ভিসেস দল ও পৃষ্ঠপোষকদের। সাবেক খেলোয়াড়রা হলেন ইউসুফ রেজা, বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেক, বশির আহমেদ, জামাল হায়দার ও জুম্মন লুসাই। সাবেক কোচরা হলেন নান্না দা নামে পরিচিত মরহুম নুরুল ইসলাম নান্না, মরহুম আবদুস সালাম, প্রতাপ শংকর হাজরা, এহতেশাম সুলতান এবং আব্দুর রাজ্জাক সোনা মিয়া। সংস্থাগুলোর মধ্যে রয়েছে তিন বাহিনী, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এবং পুরান ঢাকার আরমানিটোলা গভ: হাই স্কুল। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অজস্র হকি খেলোয়াড় উঠে এসে জাতীয় হকি দলে খেলেছেন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যেসব প্রতিষ্ঠান হকিতে পৃষ্ঠপোষকতা করেছে তাদেরকেও সম্মাননা দেয়া হবে। কমপক্ষে চার লাখ টাকা দিয়ে পৃষ্ঠপোষকতা করা প্রতিষ্ঠানগুলোকে মানদণ্ড ধরা হয়েছে। সে হিসেবে ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠানের একটি তালিকা চূড়ান্ত করেছে ফেডারেশন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নির্বাচিত এবং এডহক কমিটি মিলিয়ে সাতজন সাধারণ সম্পাদক হকি ফেডারেশনের দায়িত্ব পালন করেছেন। তাদেরকেও সম্মাননা দেয়া হবে। এরা হলেন মাহমুদ উর রহমান মোমিন, আবদুস সাদেক, মীর্জা ফরিদ আহমেদ মিলু, শামসুল বারী, মোঃ আলিউজ্জামান, সাজেদ আদেল এবং খোন্দকার জামিল উদ্দিন। চল্লিশ বছর পূর্তির অনুষ্ঠানে আসতে পারেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি ল্যান্ডরো নেগ্রে। ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ গতকাল জানিয়েছেন নেগ্রে অনুষ্ঠানের দিনক্ষণের সাথে সমন্বয় করে আসার চেষ্টা করবেন। দিনব্যাপী উত্সবের সূচনা হবে সচিবালয়ের সামনে থেকে সকালে শুরু হওয়া র্যালি দিয়ে যা শেষ হবে হকি স্টেডিয়ামে গিয়ে। এরপর প্রথম পর্বের সংবর্ধনা অনুষ্ঠান। বিকালে দ্বিতীয় পর্বে সংবর্ধনা দেয়া হবে ঢাকার সিনিয়র ডিভিশন লিগের ক্লাব, জেলা হকি দল, যুব হকি দলগুলোকে। বিকালে দু’টি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, প্রথমটি সাবেক খেলোয়াড়দের মধ্যে, দ্বিতীয়টি মহিলা হকি খেলোয়াড়দের মধ্যে।