এন্টার্কটিকা জয় করে দেশে ফিরেছেন ওয়াসফিয়া

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১৯
এন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ‘ভিনসন ম্যাসিফ’ অভিযান শেষে দেশে ফিরেছেন এভারেস্ট জয়ী দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। গতকাল মঙ্গলবার সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। এসময় ভক্ত ও ব্র্যাকের কর্মকর্তাগণ তাকে স্বাগত জানান। গতকাল বিকালে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওয়াসফিয়া এন্টার্কটিকার সফল অভিযানের অভিজ্ঞতা বিনিময় করেন। ওয়াসফিয়া বলেন, কানাডায় তিন সপ্তাহের ট্রেনিং শেষ করে ২০১২ সালের ২৯ ডিসেম্বর এন্টার্কটিকা পৌঁছেন, পাহাড়ে উঠতে তার আরো ৬ দিন সময় লাগে। এভারেস্টের সাথে ‘ভিনসন ম্যাসিফ’-এর মূল পার্থক্য পরিবেশ। কারণ মাইনাস ৩৫ ডিগ্রি তাপমাত্রায় এন্টার্কটিকায় আরোহণ করতে হয়। সবকিছুই বরফে ঢাকা। চলতি বছর ৫ জানুয়ারি ওয়াসফিয়া এন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘ভিনসন ম্যাসিফ’-এ আরোহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশনস্ অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জিশান কিংশুক হক, ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি (এডিপি) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রাশিদা পারভীন ও বিকাশ-এর হেড অব মার্কেটিং সানিয়া মাহমুদ। ব্র্যাক, ব্র্যাক ব্যাংক ও বিকাশ ওয়াসফিয়ার এন্টার্কটিকা অভিযানের ব্যয়ভার বহন করে। ওয়াসফিয়া নাজরীন আগামী এক বছরের জন্য ব্র্যাকের শুভেচ্ছা দূত হিসাবে দায়িত্ব পালন করবেন।। ওয়াসফিয়া দেশের নারী প্রগতির চল্লিশ বছর উদ্যাপনের অংশ হিসাবে ‘বাংলাদেশ অন স্যাভেন সামিট ক্যাম্পেইন’ শীর্ষক অভিযাত্রা শুরু করেছেন। এরই মধ্যে তিনি এন্টার্কটিকাসহ চারটি মহাদেশের শীর্ষ পর্বতচূড়া জয় করেছেন।