তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ফ্রান্স ও জার্মানি ইউরোপে সহযোগিতার চালিকা শক্তিতে পরিণত হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিকভাবে দেশ দুটি ইউরোপে নেতৃত্ব দিচ্ছে। ৫০ বছর আগে এলিসি চুক্তি স্বাক্ষরের সময় কেউ একথা চিন্তাও করেনি। দুই দেশের জনগণের মধ্যেও সম্পর্ক তৈরিতে এ চুক্তি সহায়তা করেছে। মঙ্গলবার রাজধানীর ফ্রান্স স্কুল প্রাঙ্গণে জার্মানি ও ফ্রান্সের মধ্যে এলিসি চুক্তি স্বাক্ষরের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জার্মানির রাষ্ট্রদূত ড. আলব্রেখ কনসে ও ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ত্রাঁকিয়ে। এদিকে বাংলাদেশে জার্মানি ও ফ্রান্সের দূতাবাসের জন্য একটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এলিসি চুক্তির বর্ষপূর্তিতে দুই দেশের রাষ্ট্রদূত এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুই বছরের মধ্যে এ ভবনের নির্মাণ কাজ শেষ হবে। একই ভবনে দুই দেশের দূতাবাস স্থাপনের এ ঘটনা বিশ্বে বিরল বলে জানান রাষ্ট্রদূতরা। অনুষ্ঠানে ফ্রান্স স্কুল ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে।
