একনেকে ৩৬৯২ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:২১
খাদ্য নিরাপত্তাহীন অঞ্চলের প্রাথমিক স্কুলে ভর্তি ও উপস্থিতির হার বাড়ানোর পাশাপাশি এসব অঞ্চলের শিশুদের পুষ্টির মান বৃদ্ধির জন্য দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি শিরোনামে একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সংশোধিত আকারে অনুমোদিত প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে এক হাজার ৫৭৮ কোটি টাকা। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গতকাল সোমবার প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। প্রায় সাড়ে ২৬ লাখ প্রাইমারি শিক্ষার্থীর জন্য স্কুলে পুষ্টিকর খাদ্য সরবরাহ করার মাধ্যমে এসব শিক্ষার্থীর স্বাস্থ্যের উন্নয়ন ও শিক্ষা গ্রহণের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই স্কুল ফিডিং প্রকল্প প্রস্তাব করা হয়েছে বলে পরিকল্পনা কমিশন জানায়। প্রকল্পের আওতায় দেশের ৬টি বিভাগের নির্বাচিত ৭২টি উপজেলার সরকারি ও রেজিঃ বেসরকারি প্রাইমারি স্কুল, কমিউনিটি স্কুল, ইবতেদায়ী মাদ্রাসা, শিশু কল্যাণ ট্রাস্ট স্কুল ও অনুমোদন প্রাপ্ত বেসরকারি স্কুলের ২৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে প্রতি স্কুল দিবসে ৭৫ গ্রাম পুষ্টি সমৃদ্ধ বিস্কুট সরবরাহ করা হবে। সভাশেষে পরিকল্পনা বিভাগের সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সভায় দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও টাঙ্গাইলের এলেঙ্গায় দুটি কমপ্রেসার স্টেশন স্থাপন প্রকল্পটিও অনুমোদন করা হয়। প্রকল্পটির ব্যয় ১৫৯৪ কোটি টাকা। এতে এডিবি’র ঋণ রয়েছে ৯১৯ কোটি টাকা। তিনি জানান সভায় ৩৬৯২ কোটি টাকা ব্যয় সম্বলিত মোট ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহের ব্যয়ের মধ্যে ১ হাজার ৮৯৮ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট ১৭৯৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হল : ১০৫ কোটি টাকা ব্যয়ে বরিশাল টেক্সটাইল ইন্সটিটিউটকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজে উন্নীতকরণ প্রকল্প, ২০২ কোটি টাকা ব্যয়ে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্প, ৭১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সক্ষমতা বাড়ানোর প্রকল্প, ৫৬ কোটি টাকা ব্যয়ে স্বাদু পানির চিংড়ি চাষ সমপ্রসারণ প্রকল্প, ৪৫ কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন ধলেশ্বরী নদীর উপর ৩৪১ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, ৩৪ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল এভিয়ারী ও ইকো-পার্ক স্থাপন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম প্রকল্প, ৩৪ কোটি টাকা ব্যয়ে উল্লাপাড়া পর্ণিমাগাতী-তাড়াশ এবং পোড়বাড়ী-কামারখন্দ-নলকা সড়কে ২টি পিসি গার্ডার সেতু এবং ৪টি বেইলী সেতুর সুপার স্ট্রাকচার নির্মাণ প্রকল্প এবং ৭৩ কোটি টাকা ব্যয়ে দশটি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউটস স্থাপন প্রকল্প। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ একনেক এর অন্য সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।