আরসিএন অ্যান্ড বিএসএন হাইস্কুলের ১৫২তম বর্ষপূর্তিতে চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৪৭
পাবনা দীর্ঘ দুই দশক পর নিজ জন্মস্থান, নিজের খেলার মাঠ, নিজের স্কুলের আঙিনা আর বন্ধু-বান্ধবের সান্নিধ্যে এলেন এ সময়ের আলোচিত নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাস। একই সাথে ঘরে ফিরে এলেন অভিনেত্রী শাহনাজ খুশী। তাদের সাথে ছিলেন আলোচিত অভিনেতা চঞ্চল চৌধুরী, নাট্যকার হাফিজ রেদু, বাবিসাস’র সাধারণ সম্পাদক, নাট্যকার অভিনেতা রশীদ নিউটন। পাবনার চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট (মডেল) উচ্চ বিদ্যালয়ের ১৫২ বছর পূর্তি উত্সব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই গত ১৫ জানুয়ারি নিজ জন্মস্থান চাটমোহরে এসেছিলেন বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী। স্কুলের নিজস্ব মাঠ বালুচরে অনুষ্ঠিত অনুষ্ঠানে গান, সংলাপ আর আলাপে আলাপে মাতিয়ে তোলেন হাজার হাজার দর্শকদের। কৈশোর আর যৌবনের নানা স্মৃতি রোমন্থন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন বৃন্দাবন আর খুশী। বৃন্দাবন দাস বললেন, ‘এই বালুচর খেলার মাঠেই একদিন ফুটবল খেলেছি, আজ মঞ্চে এসে কথা বলছি। মাঠের চেয়ে মঞ্চটা খুবই ছোট।’ আরও বললেন চাটমোহরের মুক্ত নাটক আন্দোলনের কথা। অভিনেতা চঞ্চল চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করলেন এভাবে, ‘আমাকে চাটমোহরের মানুষ বানিয়েছেন বৃন্দাবন দাদা, আমি চাটমোহরের মানুষ এমনটাই ভাবি।’ শাহনাজ খুশী ছোট বাক্যে বললেন, ‘আমার বড় পাওয়া আমি ঘরে ফিরেছি।’ গান গেয়ে দর্শক মাতালেন চঞ্চল চৌধুরী। কথা বললেন হাফিজ রেদু, গানও গাইলেন। দর্শকদের অনুরোধে বারবার মাইক্রোফোন হাতে নিতে হয়েছে বৃন্দাবন, চঞ্চল, খুশীকে। এক সময়ের মুক্তনাটক কর্মী তবলা বাদক বৃন্দাবন দাস অনুষ্ঠানের সঞ্চালক রশীদ নিউটনের অনুরোধে তবলা বাজালেন। গান, সংলাপ, অভিনয় আর দর্শকদের সাথে আলাপ করে গভীর রাতে উত্সব মঞ্চ ত্যাগ করেন শিল্পীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বাবিসাস’র সম্পাদক নাট্যকার অভিনেতা রশীদ নিউটন। চাটমোহর আরসিএন অ্যান্ড বিএসএন পাইলট হাইস্কুলের ১৫২ বছর পূর্তি উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ আয়োজন করে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের। গত ১৪ জানুয়ারি অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা নটরডেম কলেজের অধ্যক্ষ ও স্কুলের প্রাক্তন ছাত্র ফাদার বেঞ্জামিন কস্তা। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. মকবুল হোসেন। ১৫ জানুয়ারি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের প্রাক্তন ছাত্র বৃন্দাবন দাস, হাফিজ রেদু ও রশীদ নিউটন এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানকে পরিপূর্ণ করেন। সাথে ছিলেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশী।