গাইবান্ধা
ভারত মাতিয়ে এলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের চিন্তকের নৃত্যশিল্পীরা। গত ১০ জানুয়ারী উড়িষ্যা রাজ্যের কটকে আন্তর্জাতিক নৃত্যে ও সংগীত উত্সবে ‘শাশ্বত বাংলা’ গীতিনৃত্য পরিবেশনার মাধ্যমে মন কেড়ে নেন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী গাইবান্ধার গোবিন্দগঞ্জের স্বনামধন্য সাংস্কৃতিক গোষ্ঠি চিন্তক অ্যাসোসিয়েশন ফর কালচারাল অ্যাডভান্সমেন্ট (চাকা)’র একদল শিল্পী। চোখ ধাঁধানো ‘শাশ্বত বাংলা’ গীতিনৃত্যের মাধ্যমে ফুটে ওঠে মহান মুক্তিযুদ্ধের খণ্ড চিত্র, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, সর্বোপরি সোনার বাংলা গড়ার আহ্বান। কটকের কলা বিকাশ কেন্দ্র অডিটরিয়ামের হলভর্তি দর্শক-শ্রোতারা উপভোগ করেন ‘শাশ্বত বাংলা’ পরিবেশনা। শেষে উড়িষ্যা রাজ্যের সাহিত্যিক, সাংবাদিক, সাবেক সেনা কর্মকর্তা, বুদ্ধিজীবীরা চিন্তকের শিল্পীদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ভারতের বিভিন্ন রাজ্যসহ বিশ্বের ১৭টি দেশের শিল্পীরা এ উত্সবে যোগ দেন। গত ৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এ উত্সব চলে। থিম অব ইন্ডিয়া থিয়েটার অলিম্পিয়াডের আয়োজনে ৪র্থ কটক মহোত্সবের সাধারণ সম্পাদক অধ্যাপক কার্ত্তিক চন্দ্র রায়সহ বরেণ্য অতিথিরা চিন্তক শিল্পীদের মাঝে ক্রেস্ট এবং সম্মাননাপত্র তুলে দেন। চিন্তকের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক কৃষ্ণ কুমার চাকী, চেয়ারম্যান বাবুলাল চৌধুরীর নেতৃত্বে অংশ নেওয়া কলাকুশলী মধ্যে ছিলেন মিতু আকতার, শেখ জাহিদ, রাফিয়া সুলতানা, অনুভব চৌধুরী প্রমুখ।
