বিলাইছড়ি শিল্পকলায় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৪৮
রাঙ্গামাটি ‘চেঙ্গী, মাইনী, কাচালং...’ গানটিতে নদীর সান্নিধ্যে পাহাড়ের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরে শান্তির আহ্বানে শুরু হয়েছিল রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা শিল্পকলা হল রুমে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১৫ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিত্সকদের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিপুল সংখ্যক পাহাড়ি-বাঙালি দর্শক আনন্দ মুখর পরিবেশে উপভোগ করে। বিলাইছড়ি জোন তথা ২৭ বীর (বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট)-এর ব্যবস্থাপনায় ও জোন কমান্ডার লে. কর্নেল মো. কায়সার হাসান মালিক পিএসসি’র পৃষ্ঠপোষকতায় ওইদিন ৫ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিত্সা সেবা শেষে সিআইপিডি’র স্থানীয় শিল্পীরা পাহাড়ের বর্ণিল সংস্কৃতি সংগীতের সুরের ছোঁয়া ও নৃত্যের ছন্দে দর্শকের হূদয়ে দিয়েছিল আনন্দের দোলা। রাঙ্গামাটির কণ্ঠশিল্পী ও সিআইপিডি’র শিক্ষিকা অনন্যা চাকমার সঞ্চালনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে পাহাড়ি গান, জুমনৃত্য ও বোতল নৃত্যের সাথে ছিল চাকমা গানের পরিবেশনা।