নোয়াখালী
‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এই স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প। গত ১৫ জানুয়ারি বেগমগঞ্জ উপজেলার কেবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় খেলাঘরের তত্ত্বাবধানে শিশু সংগঠন বনলতা খেলাঘরের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে ভারত, নেপাল এবং বাংলাদেশের চারশ শিশু-কিশোর অংশগ্রহণ করে। উদ্বোধনী পর্বে শিশু-কিশোরদের মনোমুগ্ধকর প্রদর্শনী অতিথি ও আগত দর্শকদের নজর কাড়ে। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্যা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁঞা, সর্বভারতীয় শিশু সংগঠন সব পেয়েছি আসরের প্রতিনিধি অপূর্ব গাঙ্গুলী, সনত্ ভট্টাচার্য্য, নেপালের দিপিকা সব পেয়েছি আসরের সংগঠক তারা সাপকোটার, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। আব্দুস সাত্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু সংগঠক আব্দুর রহিম, আব্দুর রহমান, মাইন উদ্দিন কিরন। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রবীন্দ্র সংগীত সম্মিলনীর সদস্য অধ্যাপক রমানাথ সেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিমলেন্দু মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর প্রমুখ।
উদ্বোধনী পর্বের শুরুতে নাট্য ব্যক্তিত্ব গোবিন্দ বাগচির তত্ত্বাবধানে রায়ের বাজার বধ্যভূমির প্রতীকরূপে উপস্থাপন করা হয়। এ ছাড়া বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের নানা দিক উপস্থাপন করা হয়। এরপর শিশু-কিশোরদের উদ্বোধনী ডিসপ্লে, জারিগান, নেপালের শিশু-কিশোরদের নৃত্য এবং ভারতের সব পেয়েছি আসরের ব্রতচারী প্রার্থনা এবং ব্রক্ষ্মচারী রায় বেশে নৃত্য ক্যাম্পের অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
