প্রিয় মুখ

ববির কথা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৫০
মিডিয়া পাড়ায় সফল গতিতে এগিয়ে চলা এই প্রজন্মের মেধাবী অভিনেত্রীদের মাঝে মডেল ও চিত্রনায়িকা ববি অন্যতম। নিজের মেধা এবং সৌন্দর্যের দ্যুতি দিয়ে তিনি দর্শকদের মাঝে ছড়িয়েছেন মোহময়ী আলো। একাধারে মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী—সব মিলিয়ে বর্তমান মিডিয়া পাড়ার আলোচনায় রয়েছেন তিনি। নানা কনসেপ্টে আইটেম গানে পারফর্ম করে কুড়িয়েছেন প্রশংসার ফুলঝুরি। এই প্রজন্মের আলোচিত, তুখোড় স্বপ্ন নিয়ে অভিনয়ের পথে হাঁটা এই স্বপ্নচারিণী কন্যাকে নিয়ে লিখেছেন রিয়াদ খন্দকার বাংলাদেশে আইটেম গানের ইতিহাস খুব বেশি ঋদ্ধ না হলেও বর্তমানে আইটেম শব্দটিকে অনেকটা শৈল্পিক অবস্থায় নিয়ে এসেছেন যারা তাদের অন্যতম হচ্ছেন হালের আলোচিত মডেল ও চিত্রনায়িকা ববি। ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ চলচ্চিত্রের ‘রাতের রানি আমি সোহানা’ আইটেম গানের সঙ্গে তার নাচ পরিবেশনা এর মধ্যেই বেশ সাড়া ফেলেছে। এই চলচ্চিত্রের মূল নায়িকাও তিনি। ভারতীয় চলচ্চিত্রে আইটেম গান জনপ্রিয় হলেও বাংলাদেশের চলচ্চিত্রে এটি নতুনভাবে যুক্ত হয়েছে। তাই ‘দেহরক্ষী’তে আইটেম গানের সঙ্গে নাচতে হবে শুনে খানিকটা দ্বিধায় পড়েছিলেন ববি। দর্শকেরা কীভাবে গ্রহণ করবেন—সেটি নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু চ্যালেঞ্জ নিতে কখনও ভয় পাননি ববি। এবারও ব্যতিক্রম হলো না। ববি সবসময় নিজের পোশাকের নকশা নিজেই করেন। কিন্তু আইটেম গানের সঙ্গে কোন ধরনের পোশাক পরবেন... পোশাকটা আবার হতে হবে রুচিশীল ও আকর্ষণীয়—এমন অনেক ভাবনাচিন্তা শেষে নকশা করে ফেললেন বেশ কয়েকটি পোশাকের। ববি বলেন, ‘একটানা দুই দিন এক রাত শুটিং করেছি। অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগে সবাই আইটেম গানটি খুবই ভালোভাবে গ্রহণ করেছেন। ইউটিউব-মন্তব্যে কেউ কেউ ‘শিলা কি জওয়ানি’ কিংবা ‘মুন্নি বদনাম’-এর সঙ্গে তুলনা করেছেন গানটিকে। সব মিলিয়ে ইতিবাচক সাড়া পেয়েছি।’ ‘দেহরক্ষী’ ববির অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফ। ইতোমধ্যেই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ছবিটির শুটিং-ডাবিং এরইমধ্যে শেষ হয়েছে বলে পরিচালক জানিয়েছেন। ববি অভিনীত ‘দেহরক্ষী’ ছবির কালার কারেকশন এবং চূড়ান্ত সম্পাদনার কাজ চেন্নাইতে করা হয়েছে। ছবির সংগীত পরিচালনা করেছেন অদিত। গত বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছবির অডিও প্রকাশ পেয়েছে। বর্তমানে সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে ছবিটি। ‘খোঁজ :দ্য সার্চ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন ববি। বললেন, ‘সামনে বেশ কয়েকটি চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করার ইচ্ছা আছে। তবে আপাতত ছোট পর্দায় অভিনয়ের কোনো পরিকল্পনা নেই।’ ভবিষ্যতে আরও কোনো আইটেম গানে নাচ পরিবেশনের ইচ্ছা আছে কি না, জানতে চাইলে তিনি জানান, চরিত্রের প্রয়োজনে কাজটি তিনি করতে পারেন। তবে সেই নাচটিকে অবশ্যই মানসম্মত হতে হবে। ‘খোঁজ :দ্য সার্চ’ চলচ্চিত্রের এই অভিনয়শিল্পী নিজের লেখা ‘আই লাভ ইউ, টু মি’ নামের নাটকটিতে অভিনয়ও করছেন। হঠাত্ নাটক লেখা প্রসঙ্গে ববির এই আত্মবিশ্বাস জুগিয়েছেন তার বাবা কে এম ইনামুল হক, তিনিই তাকে লেখালেখিতে উত্সাহ দিয়েছেন। ‘খোঁজ :দ্য সার্চ’-এর নির্মাতা ইফতেখার চৌধুরীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সোহেল খান, ডা. এজাজুল ইসলাম, অপু হাসান প্রমুখ। সেই সঙ্গে তার কাছে আরও একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব আসছে প্রতিদিন। এদিকে ববি এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ‘না বলা ভালোবাসা’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য। সেলিম রেজার পরিচালনায় ছবিটির আসছে মাসে শুটিং শিডিউল রয়েছে। ছবিতে ববির নায়ক হিসেবে আছেন নিরব। মোটামুটি দীর্ঘ বিরতির পর নতুন বিজ্ঞাপনে অংশ নেন তিনি। এটি ছিল একটি রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপন। নির্মাণ করেছেন অভিনেতা নির্মাতা তারেক মাহমুদ। বিজ্ঞাপনটিতে ববির সাথে ছিলেন মডেল দীপয়। এখানে রূপকথার পরী হিসেবেই দর্শকরা আবিষ্কার করতে পারবেন ববিকে, যে কিনা আকাশ থেকে উড়ে আসবে পৃথিবীতে। সব মিলিয়ে মিডিয়ায় ববির এই পথ চলা অনেকটাই মসৃণ হয়ে উঠেছে নিজের মেধার গুণেই। নিজের কাজের প্রতি অনুগত্যই তাকে পৌঁছে দিয়েছে সফলতার চূড়ায়। সব মিলিয়ে ববি এগিয়ে চলবেন আরও অনেক বেশি আলো ছড়িয়ে এই কামনাই রইল।