জিটিভিতে হালে শুরু হয়েছে নতুন ফ্যামিলি ড্রামা সিরিয়াল ‘আজ কি হাউজওয়াইফ হ্যায়—সব জানতি হ্যায়’। বিনোদনমূলক নানা উপাদানে ভরপুর সিরিয়ালটিতে আমাদের সমাজে ও পরিবারে গৃহবধূদের ভূমিকা ও গুরুত্বের বিষয়টি চমত্কারভাবে তুলে ধরা হচ্ছে। এই সিরিয়ালটির আদ্যোপান্ত নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
ফ্যামিলি ড্রামা সিরিয়ালের প্রতি দর্শকদের আগ্রহ কমেছে বলে ধারণা করা হলেও আজকাল আবার এ ধরনের হিন্দি টিভি ডেইলি সোপের জয়জয়কার লক্ষ করা যাচ্ছে। ইদানীং বিভিন্ন চ্যানেলে শুরু হওয়া পারিবারিক ঘটনানির্ভর নতুন নতুন সিরিয়ালগুলো জনপ্রিয়তার দৌড়ে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। জিটিভির নতুন সিরিয়াল ‘আজ কি হাউসওয়াইফ হ্যায়—সব জানতি হ্যায়’ দেখানো শুরু হয়েছে অল্প কিছুদিন আগে। এখন অনেক দর্শকের মুখে নতুন এই হিন্দি সিরিয়ালটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা যাচ্ছে। নিজের সংসারটিকে সুন্দর, স্বাবলম্বী, সমৃদ্ধ এবং সুখের আধার হিসেবে গড়ে তুলতে গৃহবধূরা সকাল থেকে রাত পর্যন্ত নানাভাবে অবদান রাখেন। অথচ বাইরে কর্মক্ষেত্রে নিয়োজিত নারীদের মতো তাদেরকে ঘরে যথাযথ সম্মান মর্যাদা দিতে কুণ্ঠিত হন পরিবারের লোকজন। তাদের মেধা ও যোগ্যতার উপযুক্ত মূল্যায়নও করা হয় না। বরং বিনা বেতনে নিয়োজিত কাজের লোক হিসেবে বিবেচনা করা হয় অনেক সংসারে। তেমন ধারণা ও মান মানসিকতা বদলে দেওয়ার লক্ষ্যে জোরালো বক্তব্য নিয়ে এসেছে জিটিভির সিরিয়ালটি। এই টিভি সিরিয়ালের প্রধান নারী চরিত্রের নাম সোনা। সুন্দরী মেধাবী তরুণী সোনা একজন প্রতিশ্রুতিশীল সাংবাদিক হিসেবে সবার মনোযোগ আকর্ষণ করলেও একসময় তার বিয়ে হয়ে যায় পুলিশ অফিসার কানসাইয়ার সঙ্গে। পুলিশ অফিসার কানসাইয়া মজার মানুষ। ‘দাবাঙ’ ছবির চুলবুল পাণ্ডের মতো অনেকটা। সাংবাদিক হিসেবে সম্ভাবনাময়ী হলেও বিয়ের পর সোনা সাংবাদিকতা পেশা ছেড়ে পুরোপুরি সংসারী হয়ে ওঠে। স্বামীর সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় সোনা। সোনা একজন গৃহবধূ হিসেবে উপলব্ধি করে ঘরে ঘরে এভাবে অগণিত গৃহবধূ বিয়ের পর তার মতো নিজের যাবতীয় সম্ভাবনা জলাঞ্জলি দিয়ে রাতদিন খেটে মরলেও বেশিরভাগ ক্ষেত্রে তারা উপযুক্ত সম্মান পাচ্ছে না। তবু সে একজন আদর্শ গৃহবধূ হিসেবে অনেকের কাছে অনুকরণীয় নারী চরিত্রে হয়ে ওঠে। তেমনি কাহিনী নিয়ে আবর্তিত হচ্ছে সিরিয়ালটি। এখানে কেন্দ্রীয় চরিত্র সোনার ভূমিকায় রূপদান করছেন সুহাসি ধামী। এর আগে জিটিভির আরেকটি দর্শকপ্রিয় সিরিয়াল ‘ইয়াহা ম্যায় ঘর ঘর খেলি’ তে েসুহাসিকে দেখা গছে আভা চরিত্রে। এখানেও দর্শকদের হূদয় জয় করেছিলেন সুন্দরী এই তন্বী অভিনেত্রী। এখানে তার স্বামী চরিত্রে অভিনয় করছেন ‘রুক্ জানা নাহি’ খ্যাত অভিনেতা অনিরুদ্ধ ধাভে। সিরিয়ালটি জি টিভিতে সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে সাতটায় দেখানো হয়।
