অগণিত ডুয়েট গানের মিছিল ফেব্রুয়ারিতে

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:০৮
এমনিতেই গত কয়েক বছর ধরে দ্বৈত গানের প্রচলন রেকর্ডসংখ্যকভাবে বেড়েছে। এর উপর এবারের ভ্যালেন্টাইনে যেন এর বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। কারণ একাধিক অডিও কোম্পানি থেকে অগণিত ডুয়েট গান প্রকাশ পাচ্ছে। বাঙালি এমনিতেই হুজুগে মাতে, তাই চলতি জনপ্রিয়তার এই দৌড়ে এবারে কেউ যেন পিছিয়ে থাকতে চাইছেন না। সকলেরই কমবেশি ডুয়েট গান প্রকাশ পাবে। এর ভেতরে জি-সিরিজ, লেজার ভিশন, সঙ্গীতা, ডেডলাইন মিউজিকসহ প্রায় সবক’টি কোম্পানিই তাদের একাধিক অ্যালবামের ভেতরে বেশিরভাগই ডুয়েট গান রেখেছে। এ প্রসঙ্গে জি-সিরিজের কর্ণধার ও এমআইবি সভাপতি নাজমুল হক ভুইয়া খালিদ বলেন, ‘আমাদের ব্যানার থেকে ডুয়েট গানের সংখ্যা একেবারেই কম। তবে এটা সময়ের চাহিদা। হয়তো এমনও হতে পারে এবারের ভ্যালেন্টাইনের পর শ্রোতারা ডুয়েট গানের প্রতি বিমুখ হয়ে যাবে। আবারও নতুন ধারার গানের জোয়ার শুরু হবে।’ এদিকে এবারের ভ্যালেন্টাইনে একাধিক গীতিকার ও সুরকার ও শিল্পী মিক্স অ্যালবাম সমন্বয় করছে। এর ভেতরে দুরবীন ব্যান্ডদলের দুই সদস্য শহীদ ও প্রাক্তর সদস্য কাজী শুভ দুজনই আলাদা আলাদাভাবে মিশ্র অ্যালবাম সমন্বয় করছেন। ‘এক জীবনে’ গানটি জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন মিশ্র অ্যালবামে শহীদের গানের চাহিদা বেড়েছে। ফলে এবারেও তার একাধিক গান মুক্তি পেতে পারে। এ ছাড়া নিজের অ্যালবাম সমন্বয় প্রসঙ্গে শহীদ বলেন, ‘ডুয়েট গান সময়ের চাহিদা। যেহেতু আমার শুভমিতার গানটি হিট হওয়ার পরপরই এই প্রবণতাটা শুরু হয়। সকলেই এই ধারার গান তৈরি শুরু করে।’ অন্যদিকে বর্তমান এই ডুয়েট গানের হিড়িকে আপাতত কোনো দ্বৈত গানে কণ্ঠ দেবেন না বলে ঠিক করেছেন পড়শী। এ প্রসঙ্গে তার মতামত, ‘আমার আগামী সলো অ্যালবামের স্পন্সরই আমাকে নতুন কোনো ডুয়েট গানে কণ্ঠ দিতে নিষেধ করেছে। তাই আপাতত চলচ্চিত্রের গান ছাড়া অডিওতে কোনো ডুয়েট গান বের হবে না।’ তবে ন্যান্সির এ ক্ষেত্রে নিজের প্রফেশনাল কমিটমেন্ট ঠিক রেখে সব ধরনের গানই করছেন। এর বাইরে এ সময়ের একাধিক উঠতি শিল্পী লিজা, ঝিলিক, পুজা, আর্ণিকের একাধিক দ্বৈত গান প্রকাশ পাবে। এ ক্ষেত্রে অনেকেই এখনও জানেন না, কে কার সাথে ডুয়েট গানে অংশ নিচ্ছেন। ফলে অগণিত ডুয়েট গানের ভিড়ে ঢাকা পড়তে যাচ্ছে এ সময়ের মন্দাক্রান্ত অডিও ইন্ডাস্ট্রি।