ইউরোপের ১১টি দেশ আর্থিক লেনদেনের ওপর কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইউরোগ্রুপের নতুন প্রধান নিযুক্ত হলেন নেদারল্যান্ডসের অর্থমন্ত্রী ইয়েরুন ডাইসেলব্লুম। আর্থিক লেনদেনের ওপর কর চাপানোর ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ১১টি দেশ অগ্রসর হতে বদ্ধপরিকর। মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। বাকি দেশগুলোও এতে কোনো আপত্তি জানায়নি। জার্মানি, ফ্রান্স, ইটালি ও স্পেন এই উদ্যোগে সামিল হওয়ায় বাকিদের অনুপস্থিতি নিয়ে আর তেমন আলোচনা হচ্ছে না। অন্যদিকে ব্রিটেন ও সুইডেনসহ কিছু দেশ এখনো এর বিরোধিতা করছে। তবে সুইডেন, ডেনমার্ক, রুমেনিয়া ও হাঙ্গেরির মতো দেশ ভবিষ্যতে এই কাঠামোয় অংশ নেয়ার পথ খোলা রাখার পক্ষে। বিরোধীদের বক্তব্য, ইউরোপের অর্থনীতির এই দুর্দিনে বিনিয়োগ আকর্ষণ করা অনেক বেশি জরুরি। শিল্প-বাণিজ্য জগতের উপর বাড়তি কর চাপালে তাদের কাছে ভুল বার্তা যাবে। ওদিকে জার্মানি ও ফ্রান্সসহ নতুন এই করের প্রবক্তারা বলছে, এতকাল সংকট সামাল দিতে শুধু করদাতাদের অর্থের দিকে হাত বাড়াতে হয়েছে।—ডয়চে ভেলে
