সেরেনার বিদায়

শেষ চারে মারে-ফেদেরার

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:২২
টানা তৃতীয় গ্রান্ড স্ল্যাম জেতা হল না সেরেনা উইলিয়ামসের। খেলার মধ্যেই পিঠের ইনজুরিতে পড়া সেরেনাকে হারিয়ে প্রথমবারের মতো কোন গ্রান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন স্লোয়ান স্টিফেন্স। শেষ চারে তিনি মুখোমুখি হবেন শিরোপাধারী ভিক্টোরিয়া আজারেঙ্কার। টুর্নামেন্টের এক নাম্বার বাছাই আজারেঙ্কা ৭-৫,৬-১ গেমে হারিয়েছেন দু’বারের গ্রান্ড স্ল্যাম জয়ী সভেত্লানা কুজনেতসভার। রজার ফেদেরার এবং অ্যান্ডি মারেও অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন। ফেদেরার দীর্ঘ লড়াই শেষে হারিয়েছেন সপ্তম বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে। সুইস তারকা ফেদেরারের পরবর্তী প্রতিপক্ষ হলেন মারে। বৃটিশ খেলোয়াড়টি অবাছাই জেরেমি চার্ডির বিরুদ্ধে জিতে ফেদেরারকে পান বিপক্ষ হিসেবে। স্লোয়ান ও সেরেনা দু’জনেই আমেরিকান। দু’জনের মিল বলতে এটুকুই। নইলে সেরেনার ভাণ্ডারে যেখানে এককসহ ৩০টি গ্রান্ড স্ল্যাম শিরোপা সেখানে স্টিফেন্স এর অর্জন বলতে কেবল সাতটি গ্রান্ড স্ল্যামে অংশগ্রহণ। সেরেনাকে নিজের আদর্শ মানতেও মোটেই আপত্তি নেই তার। তর্কযোগ্যভাবে আমেরিকায় জন্ম নেয়া সর্বকালের সেরা নারী খেলোয়াড় হিসেবে যাকে অনেকেই মেনে নিয়েছেন সেই সেরেনাকে হারিয়ে নিজের সংক্ষিপ্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়টাই কাল মেলবোর্নে তুলে নিলেন ১৯ বছরের তরুণী স্লোয়ান। ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম সেমিফাইনালে খেলতে হলে সেরেনাকে হারাতে হবে এই ভয়কে জয় করাই হয়তো গতকালের ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্টিফেন্সেন জন্য। স্টিফেন্স সেই ভয় তো জয় করেছেনই সাথে তার জন্য শাপে বর হয়ে এসেছিল সেরেনার ইনজুরি। যদিও স্টিফেন্সের কৃতিত্ব এতটুকুও কমছে না তাতে। কোর্টে সেরেনার শুরুটা ছিল ফেভারিটের মতই। ৬-৩ গেমে প্রথম সেট জয়ের পরে দ্বিতীয় সেটের নবম গেমে পিঠের ইনজুরিতে পড়েন সেরেনা। ট্রেইনারের সাহায্যে আবার খেলায় ফিরলেও পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল তিনি আর আগের সেরেনা নন। বারবার খেলায় মেজাজ হারিয়ে ফেলা সেরেনার বিপরীতে তার তরুণী প্রতিপক্ষ ছিলেন আশ্চর্যরকম নিরুদ্বিগ্ন। এরই ফল হিসেবে দ্বিতীয় সেটটি তিনি জিতে নেন ৭-৫ সেটে। এরপরে তৃতীয় সেট ৬-৪ গেমে জিতে নিয়ে উল্লাসে ফেটে পড়েন স্টিফেন্স। জয়ের পরে খুশিতে ভাষা হারিয়ে ফেলা স্টিফেন্স কেবল বলতে পেরেছেন, ‘ওয়াও। আমি গ্রান্ড স্ল্যাম সেমিফাইনালে খেলছি। আমি যতটা ভেবেছিলাম ততটা কঠিন এটা নয়। তবে আমি খুবই খুশি।’ সেরেনা গত বছরের ১৭ আগস্টের পরে প্রথম হারের মুখ দেখা পরাজয়ের কারণ হিসেবে দুষেছেন ইনজুরিকে। এদিকে পুরুষ এককে শেষ চার নিশ্চিত করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় এবং তৃতীয় বাছাই রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। ১৮তম গ্রান্ড স্ল্যাম একক জয়ের লক্ষ্যে কোর্টে নামা রজার ফেদেরার সুদীর্ঘ এক লড়াই শেষে হারিয়েছেন টুর্নামেন্টের সপ্তম বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে। ৬-৭(৪-৭),৬-৪,৬-৭(৭-৪),৬-৩,৩-৬ গেমের দারুণ এক ম্যাচ শেষে সোঙ্গা হার মেনে নিতে বাধ্য হন সুইস সুপারস্টারের কাছে। টানা চতুর্থ অস্ট্রেলিয়ান ওপেন সেমিতে যাওয়ার পথে মারে অবাছাই জেরেমি চার্ডিকে হারিয়েছেন ৬-৪,৬-১,৬-২ গেমে। অর্থাত্ সেমিতে মুখোমুখি হচ্ছেন মারে-ফেদেরার। সুতরাং জমজমাট এক সেমিফাইনালের প্রত্যাশা সবাই করতেই পারেন।