প্রথম ইস্পাহানি কর্পোরেট ব্যাডমিন্টন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সকালে উদ্বোধনের পর শুরু হবে মূল প্রতিযোগিতা।
কর্পোরেট জগতের ১৯টি প্রতিষ্ঠানকে নিয়েই এ আয়োজন। তিনদিনের এ প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো: এয়ারটেল, ইকম-কটন, বেক্সিমকো ফার্মা, ওয়েস্টিন, সিকিউরেক্স, ব্যান্ডো-ডিজাইন, বাংলালিংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্পাহানি, হোলসিম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কিউবি টিম-১, কিউবি টিম-২, পেপসি, ইস্টার্ন ব্যাংক, বিকাশ, ইউল্যাব, আবিসিএস-প্রাইমেক্স ও এয়ারটেল-২।
পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের খেলাগুলো। যদিও এতে কোন প্রাইজমানি থাকছে না। তবে পাঁচটি ক্যাটাগরিতে এককভাবে বিজয়ীদের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ট্রফি দেয়া হবে। এরপর যে কর্পোরেট প্রতিষ্ঠান সবচে বেশি ম্যাচ জিতবে তাদের দেয়া হবে ইস্পাহানি ট্রফি। মানে তারাই হবেন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় এ কর্পোরেট লিগের পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি ও ডেল কম্পিউটার। প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে গতকাল ঢাকার এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি রুবাবা দৌলা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডেল কম্পিউটারের সিইও সোনিয়া বশির কবির এবং ইস্পাহানি লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ ইসমাইল হোসেন।
