বিপিএলে আজ

মুখোমুখি হচ্ছে মরিয়া চট্টগ্রাম ও বরিশাল স্বাগতিক খুলনাকে হারানোর প্রতিশ্রুতি রাজশাহীর

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:২৩
বরিশাল বার্নার্স ও চিটাগাং কিংসের মধ্যে এক জায়গায় মিল রয়েছে। দুই দলই টানা দুই ম্যাচ হেরেছে। তবে এক ম্যাচ বেশি খেলা বরিশাল একটু এগিয়ে। তিন ম্যাচে তাদের সংগ্রহ দুই পয়েন্ট। আর চিটাগাং এখনো জয়ের দেখা পায়নি। আজ বৃহস্পতিবার সেই জয়ের দেখা পেতেই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হতে যাচ্ছে তারা। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কারণে দুপুর দুইটার পরিবর্তে সকাল দশটায় এই ম্যাচটি শুরু হবে। সন্ধ্যা ছয়টায় লড়াই হবে খুলনা রয়েল বেঙ্গলস ও দুরন্ত রাজশাহীর। টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় দলের মনোবলে চিড় ধরেছে চিটাগাং কিংসের। দলের এম্বাস্যাডর হয়ে আসা ব্রায়ান লারাও মাঠে বসে দলের পরাজয় দেখেছেন। প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীর ৯৯ রান টপকাতে পারেনি তারা। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৩২ রান করে হেরে গেছে তারা। গতবারের রানার্সআপ বরিশাল বার্নার্সের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। কাল রংপুরের কাছে হেরেছে টপ অর্ডারদের ব্যর্থতার কারণে। ব্র্যাড হজ একাই লড়েছে কাল। আজ অবশ্য টপ অর্ডারদের পারফর্মেন্সে তারা চাইবে জিততে। দুরন্ত রাজশাহীও প্রথম ম্যাচ জেতার পর বাকি দুই ম্যাচ টানা হেরেছে। দলের প্রধান কোচ খালেদ মাসুদ পাইলট অবশ্য মনে করেন এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে তার দল, ‘গত দুই ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি ঠিকই তবে জয় পাইনি। টিম মিটিংয়ে দলের খেলোয়াড়রা আগের ম্যাচের ভুলগুলো ধরতে পেরেছে। কাল (আজ) খুলনার বিপক্ষে ম্যাচ, যদিও স্বাগতিক হিসেবে তারা সমর্থন পাবে। তবে আমরাও চাইব খুলনা থেকে জয় নিয়ে চট্টগ্রামে যেতে’।