বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ শেষ রাউন্ডে ড্র করে চেন্নাই সুপার কিংস পঞ্চম গ্র্যান্ড মাস্টারস দাবায় চতুর্থ স্থানের উপরে উঠতে পারলেন না।
নিয়াজ গতকাল বুধবার একাদশ ও শেষ রাউন্ডের খেলায় ভারতের গ্র্যান্ড মাস্টার বি আদিভানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেন। ১১ ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানের জন্য টাইব্রেকিং পদ্ধতির মুখোমুখি হতে হয় নিয়াজকে। তবে ভাগ্যের এই পরীক্ষায় হেরে গিয়ে চতুর্থ স্থান পান।
দেশের অপর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে ৭ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতায় ২৩তম স্থান পেয়েছেন। শেষ রাউন্ডে জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার ডিপি সিংকে হারান।
ভারতের গ্র্যান্ড মাস্টার এমআর ললিত বাবু ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। চীনের গ্র্যান্ড মাস্টার লু সাংলে রানার-আপ হয়েছেন। ১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এই ইভেন্টে ১৩টি দেশের ১৩ জন গ্র্যান্ড মাস্টার, চারজন মহিলা গ্র্যান্ড মাস্টার এবং ২০ জন আন্তর্জাতিক মাস্টারসহ ২৫৯ জন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করেন। -বাংলানিউজ
