মালাগায় আজ বৃহস্পতিবার কোপা ডেল রে তে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। প্রথম লেগে নিজ মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা ও মালাগা ম্যাচের ফল ছিল ২-২ গোলে ড্র। ফলে প্রতিপক্ষের মাঠে বার্সেলোনাকে ঐ ফল অতিক্রম করে যেতে হবে সেমিফাইনালে পৌঁছাতে হলে। সেমিফাইনালে তাহলে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সাথে দেখা হতে পারে বার্সার।
চলতি মৌসুমের প্রথমার্ধে বার্সেলোনা ছিল অসাধারণ। কিন্তু হঠাত্ খেই হারিয়ে ফেলেছে তারা। আগের দুটি ম্যাচে জয় পায়নি বার্সেলোনা। লা লিগায় তারা রিয়াল সোসিদাদের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে এবং মালাগার বিপক্ষে কোপা ডেল রে তে তো ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। এমন পরিস্থিতিতে আজ জয় পেতে হবে, এমন অবস্থানে দাঁড়িয়ে তারা। অন্য কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আজ সেভিয়ায় বেটিসের বিপক্ষে লড়তে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। মাদ্রিদে অ্যাতলেটিকো প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছে। ফলে তাদের আজ প্রতিপক্ষের মাঠে লক্ষ্য জয়ের ধারা ধরে রাখা।
বার্সেলোনার মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস মানছেন দুটি ম্যাচে ফল ভাল হয়নি। তবে ভুল থেকে শিক্ষা নিতে চায় তারা বলে জানান তিনি। ফ্যাব্রেগাস বলেন, ‘এটা সত্যি আমাদের দুটি ম্যাচে ফল ভাল হয়নি। কিন্তু মালাগার ম্যাচটিতে ভুল শোধরানোর সুযোগ রয়েছে। কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে এটি। আমরা আমাদের স্বকীয়তা হারাতে চাই না।’
দলের এই সংকটের সময়ে বার্সেলোনা কোচ টিটো ভিলানোভা থাকতে পারছেন না। লালা গ্রন্থিতে টিউমার হয়েছিল তার। গত বছরের ডিসেম্বরে অস্ত্রোপচার হয়েছে। পরবর্তী চিকিত্সার জন্য তিনি নিউ ইয়র্কে যাচ্ছেন। সে ক্ষেত্রে সহকারী জর্দি রৌরাকে দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে।
বার্সেলোনা অনুপ্রাণিত হতে পারেন স্ট্রাইকার ডেভিড ভিয়া দলে ফেরায়। মাংসপেশিতে টান লাগায় তিনি তিন ম্যাচ মাঠে ছিলেন না।
বার্সেলোনা ও মালাগার ম্যাচটি আজ গোলশূন্য বা এক গোলে ড্র হলেও বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় ঘটবে। আবারো ২-২ গোলে ড্র হলে পেনাল্টিতে যাবে ম্যাচ। অতি নাটকীয়ভাবে ৩-৩ বা তার চেয়ে বেশি গোলে ড্র হলে অবশ্য বার্সেলোনা সেমিতে যাচ্ছে। কারণ দুটি গোল বার্সেলোনা নিজেদের মাঠে হজম করেছে।
