দর্শক নিয়ে হাহাকার চলছেই

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:২৪
খুলনায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা হচ্ছে; খুলনার টিমও খেলছে। কিন্তু খেলার যে প্রাণ সেই দর্শক নেই মাঠে। গতকাল বুধবার দুপুর ২ টায় শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রায় দর্শক শন্য মাঠে শুরু হয় রংপুর রাইডার্স ও বরিশাল বার্নার্সের খেলা। মঙ্গলবার স্টেডিয়ামে দর্শকদের যতটুকু উম্মাদনা ছিল গতকালকের প্রথম ম্যাচে তাও ছিল না। দুপুর ৩ টার দিকে প্রেস গ্যালারীতে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী আশরাফ হোসেন লিপুসহ বিপিএলের কর্মকর্তারা। তারা দর্শক উপস্থিতি কম নিয়ে সাংবাদিকদের কাছে কিছুটা হতাশাও ব্যক্ত করেন। এজন্য প্রচার-প্রচারণার অভাবকেই দায়ি করেন তারা। গতকাল খেলা দেখতে আসা খুলনা জেলা ক্রীড়া লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ দিদারুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘খুলনা রয়েল বেঙ্গলসের স্পন্সর ওরিয়ন গ্রুপ শুরুতেই হতাশ করেছে খুলনাবাসীকে। তারা সুযোগ পেয়েও দেশি তারকা খেলোয়াড়দের দলে ভেড়াতে পারেনি। বিদেশি নামী-দামী খেলোয়াড়ও দলে নেই। যে কারণে খুলনার ক্রিকেট ভক্তরা মাঠে আসছে না। আর খুলনার তারকা খেলোয়াড় সাকিব-মাশরাফি-রাজ্জাকরা টিমে না থাকায় বিরূপ প্রভাব পড়েছে তরুণদের মধ্যে।’ নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের বিবিএ শেষ বর্ষের ছাত্রী তাসকিন রহমান বলেন, ‘শোয়েব মালিক এবং ওমর আকমলসহ পাকিস্তানী খেলোয়াড় খুলনা টিমে খেলবে বলে আমাদের আশা ছিল। কিন্তু আমাদের ফেভারিট খেলোয়াড়রা না আসায় খুব হতাশ।’