দর্শকদের ভালবাসায় মামুনুর রশীদের গড়া আরণ্যকের ৪০ বছর

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:২৫
বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদের গড়া নাট্যদল আরণ্যক এ বছর ৪০ বছর পূর্ণ করলো। আর এ উপলক্ষে আরণ্যক নাট্যদল একাধিক নাট্য প্রদর্শনী ও সেমিনারসহ বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ২৯ জানুয়ারি জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে ‘জনগণের নাটক’ শীর্ষক সেমিনার ও নাট্য প্রদর্শনী। এদিন মূল আলোচক থাকবেন মামুনুর রশীদ। ৩০ জানুয়ারি ‘দুই বাংলার নাটকের সাঁকো’ শীর্ষক সেমিনার ও নাট্য প্রদর্শনী। এদিন মূল আলোচক থাকবেন বিভাস চক্রবর্তী, ১ ফেব্রুয়ারী বিশ্বায়নের মুখে বাংলা নাটক : করণীয়’ শীর্ষক সেমিনার ও নাট্য প্রদর্শনী। এদিন মূল আলোচক হিসেবে থাকবেন গণমাধ্যম ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। আরণ্যকের ৪০ বছর পূর্তিতে এই বিশেষ আয়োজন প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, একটি নাট্য সংগঠনের ৪০ বছর পার করা বিশাল ব্যাপার। আমার নিজেরও ভাবতে অবাক লাগছে, দর্শকদের ভালবাসায় এতটা পথ কিভাবে পার করে ফেললাম। এবারে আমরা শ্লোগান রেখেছি ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ হাতিয়ার। আশা করছি বরাবরের মতো দর্শকদের নিয়ে উত্সব মুখরতা নিয়েই আমরা এই বর্ণাঢ্য বর্ষপূর্তি পালন করতে পারবো।