‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১০’ দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছে ‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালনকালে নেটওয়ার্কের নেতাকর্মীরা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সুন্দর জীবন, দুবেলা ভাত আর পরিবারের সচ্ছলতার জন্য শহরে এসে প্রতারণার শিকার হয় নারী, কিশোরী, শিশু। অনেক সময় মানবেতর জীবনযাপন, এমনকি জীবনের অবসান ঘটে তাদের। গৃহশ্রমিক হিসাবে পরিচিত এই শ্রমিকদের নেই কোনরকম নিরাপত্তার ব্যবস্থা, ন্যায্য মজুরি, নির্দিষ্ট কোন শ্রম নীতিমালা । ফলে দিন দিন বাড়ছে তাদের ওপর অত্যাচারের মাত্রা ও পাশবিকতা। সারাদেশে অব্যাহত গৃহশ্রমিক নির্যাতন, হত্যা, ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির কথাও গৃহশ্রমিকদের মানববন্ধনে জোর দিয়ে বলা হয়।
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা আবুল হোসাইন, নেটওয়ার্ক সমন্বয়কারী ও বিল্স-এর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদসহ নেটওয়ার্কের বিভিন্ন সদস্য, সংগঠনের প্রতিনিধি ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন।
দেশের জাতীয়ভিত্তিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ এবং ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে গৃহশ্রমিকবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন। আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ লেবার ফেডারেশন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কর্মজীবী নারী, জাগো নারী ফাউন্ডেশন, নাগরিক উদ্যোগসহ বেশকিছু সামাজিক ও মানবাধিকার সংগঠন এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
