স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ : বাস্তবায়ন, পর্যালোচনা ও সীমাবদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, জনপ্রতিনিধিদের যোগ্যতা, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে স্থানীয় সরকার আইন খুব অল্প সময়ে বাস্তবায়ন সম্ভব। অবিলম্বে ক্ষমতার গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি প্রণয়ন করার আহবান জানান বক্তারা। একইসঙ্গে মেয়াদ শেষ হওয়ার আগে সরকারের অঙ্গীকারগুলো কার্যকর করার আহবান জানান তারা।
বুধবার সিরডাপ মিলনায়তনে নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ আহবান জানান। বিইউপিএফ’র সভাপতি মাহবুবুর রহমান টুলুর সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি।
মোজাম্মেল হক বলেন, জনপ্রতিনিধিদের যোগ্যতা, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে স্থানীয় সরকার আইনের বাস্তবায়ন দ্রুত সম্ভব। তিনি বলেন, স্থানীয় সরকারের সৃষ্টিই হয়েছে উন্নয়নের জন্য। তিনি বলেন, ব্রিটিশ আমলে ধারণা ছিল স্থানীয় সরকার মানে জনগণের তাঁবেদার, স্থানীয় সরকারের আইন পরিবর্তন হয়েছে কিন্তু ব্রিটিশদের সেই ধারণা এখনো বদলায়নি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্থানীয় সরকার প্রতিনিধিদের সচেতন করতে বলেন, যারা নির্বাচিত হবেন, তারা যাতে আইন-কানুনগুলো বোঝেন সে বিষয়ে তাদের হাতেকলমে ট্রেনিং দেয়া দরকার। তিনি নারী প্রতিনিধিদের কথা উল্লেখ করে বলেন, সংসদের সংরক্ষিত আসনের মতো এখানেও নারীদের আসনগুলো অলঙ্করণের মতো। তিনি বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের অঙ্গীকারগুলো কার্যকর করার আহবান জানান।
বক্তারা আরো বলেন, স্থানীয় সরকার আইনের ধারাগুলো এমনভাবে প্রণীত হওয়া প্রয়োজন যাতে নির্বাচিত প্রতিনিধি ও আমলাদের মধ্যে বৈরী সম্পর্ক সৃষ্টি না হয়।
বৈঠকে স্থানীয় সরকার আইন পর্যালোচনা করেন প্রোমোটিং ডেমোক্রেটিক এবং ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স প্রজেক্ট এর প্রধান সমন্বয়কারী ওয়াজেদ ফিরোজ। আলোচনা করেন ইউএনডিপি’র উপজেলা ও ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্টের ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজার ড. তোফায়েল আহম্মেদ, গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলী। গোলটেবিল বৈঠক পরিচালনা করেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।
