ওয়ানডে সিরিজ ভারতের

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৪
টানা তৃতীয় ওয়ানডে জিতে ওয়ানডে র্যাংকিংয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব সুসংহত করলো স্বাগতিক ভারত। গতকাল মোহালিতে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে একই সাথে সিরিজ জয়ও নিশ্চিত করলো তারা। ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের করা ২৫৭ রান টপকে গেছে তারা ২.৩ ওভার ও ৫ উইকেট হাতে রেখে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নেয়া ভারতকে প্রথম সাফল্য এনে দেন ইশান্ত শর্মা। ওপেনার ইয়ান বেলকে সাজঘরে ফেরত পাঠান তিনি। ওয়ান ডাউনে খেলতে নামা পিটারসেনকে সঙ্গে নিয়ে ৯৫ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৭৬ রানে ফিরে যান অধিনায়ক অ্যালিস্টার কুক। এরপর পিটারসেন উইকেটের একপ্রান্ত আগলে থাকলেও অপরপ্রান্তে কেউই সঙ্গ দিতে পারছিলেন না। নিয়মিত বিরতিতে উইকেটের পতন হতে থাকলে এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৪২। পঞ্চম উইকেটে জো রুটের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ার পর ইশান্তের বলে বোল্ড হয়ে ফিরে যান পিটারসেনও। সাত চার এক ছয়ে সাজানো তার ৭৬ রানের ইনিংসের পর মূলত রুটের ৪৫ বলে ৫৭ রানে ভর করেই ইংল্যান্ড লড়াই করার মতো পুঁজি পায় । ২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ইনিংসের শুরুতেই গৌতম গম্ভীরের উইকেট হারায়। তবে আরেক ওপেনার রোহিত শর্মা বলের সাথে পাল্লা দিয়ে রান করতে থাকলে বড় কোন বিপর্যয়ে পড়তে হয়নি ভারতকে। ব্যক্তিগত ৮৩ রানে তার বিদায়ের পর দলের হাল ধরেন সুরেশ রায়না। ৭৯ বলে ৮৯ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলে ৫ উইকেট আর ১৫ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড- ২৫৭/৭ (কুক ৭৬, পিটারসেন ৭৬, রুট ৫৭; জাদেজা ৩/৩৯, ইশান্ত শর্মা ২/৪৭)। ভারত- ২৫৮/৫ (রাইনা ৮৯*, রোহিত ৮৩; জেমস ট্রেডওয়েল ২/৫৪)।