চলে গেলেন ভ্যান মারউই

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৪
তিনি হয়তো বিশ্বের সর্বকালের সেরা একজন ক্রিকেটার ছিলেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য ছিলেন একজন নায়ক। দক্ষিণ আফ্রিকাকে অবিস্মরণীয় কয়েকটি মুহূর্ত উপহার দেয়া দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক, সাবেক প্রধান] নির্বাচক এবং সাবেক আইসিসি ম্যাচ রেফারি সেই পিটার ভ্যান ডার মারউই গতকাল এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সাবেক এই ক্রিকেটার ও ক্রিকেট প্রশাসক বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভোগার পর গতকাল পোর্ট এলিজাবেথে ৭৫ বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৬৩ থেকে ১৯৬৭ সালের মধ্যে মারউই দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫টি টেস্টে ২৫.৩৮ গড়ে ৫৩৩ রান করেন; সর্বোচ্চ ছিল ৭৬ রানের ইনিংস। কার্যত ক্যারিয়ারের শুরুতে ছিলেন বাঁহাতি স্পিনার। তবে তার মূল কৃতিত্ব অধিনায়ক হিসাবে। ১৯৬৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের অধিনায়ক ছিলেন মারইউ। সেই সঙ্গে ১৯৬৬-৬৭ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দেন। অবসরের পরও ক্রিকেটের সঙ্গে ছিলেন। দক্ষিণ আফ্রিকা নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ১৯৯১ ও ১৯৯২ সালে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসাবে কাজ করেন মারউই। ১৯৯২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ছিলেন আইসিসির ম্যাচ রেফারি।