প্রায় এক যুগ ধরে বন্ধ থাকা বাংলাদেশ গেমস পুনরুজ্জীবন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। গতকাল বুধবার অনুষ্ঠিত নতুন কমিটির প্রথম সভায় এ জন্য কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনের প্রায় দেড় মাস পর অনুষ্ঠিত এই সভায় বেশকিছু বিষয়ে আলোচনা হলেও প্রাধান্য পায় বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়টি। ২০০২ সালে সপ্তম ও সর্বশেষ বাংলাদেশ গেমস মাঠে গড়িয়েছিলো। বিওএ’র নবনির্বাচিত কমিটির সভাপতি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া ও মহাসচিব কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজার কমিটির কাছে প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ গেমস।
বিওএ মহাসচিব বৈঠক শেষে বলেন,‘ আমাদের প্রথম সভায় অনেকগুলো এজেন্ডা ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গেমসগুলো। সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে বাংলাদেশ গেমসের ওপর। ২০০২ সালের পর থেকে বাংলাদেশ গেমস হচ্ছে না। একটি ষ্ট্যান্ডিং কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটি সবদিক খতিয়ে দেখবে। এখানে অর্থ-কড়ির বিষয় আছে। এগুলো নিয়ে যথাশীঘ্র আমরা একটি সিদ্ধান্ত নেব।’
সভায় যোগাযোগ করে বাংলাদেশ গেমসের বিষয়ে ফেডারেশনগুলোর মনোভাব জানার ভার দেয়া হয়েছে সহ-সভাপতি হারুনুর রশীদকে। সভায় দিনক্ষণ ঠিক না হলেও আগামী এপ্রিলের মধ্যে বাংলাদেশ গেমস আয়োজনের ওপর জোর দেয়া হয়েছে।
বাংলাদেশ গেমস ছাড়াও সভায় প্রায় ২০টি এজেন্ডা ছিল। অন্যান্য বিষয়ের মধ্যে ছিলো এসএ গেমেসের প্রশিক্ষণ, ইন্দোনেশিয়ায় ইসলামিক সলিডারিটি গেমস ও এশিয়ান ইয়ুথ গেমস প্রসঙ্গ। এদিকে ভারত আগামী এসএ গেমসের আয়োজক হলেও তাদের অলিম্পিক কমিটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আইওসি। তাই এসএ গেমসের বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছে বিওএ। এ বিষয়ে শাহেদ রেজা বলেন,‘ দিল্লি গেমসের ভেন্যু ছিল, ভারতীয় অলিম্পিক কমিটি এখন নিষেধাজ্ঞায় আছে। এ কারণেই গেমস নিয়ে আপাতত নির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। ইন্দো-বাংলা গেমসেরও একই অবস্থা। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার মহাসচিব রাজা রণধীর সিং এখন ঢাকায়। বিষয়গুলো নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো।’
এদিকে বিওএ’র কাছে অর্থ সাহায্য চেয়ে বাফুফের দেয়া চিঠি নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়নি। গত মঙ্গলবার বিওএ-তে চিঠি পাঠিয়ে বাফুফে তিন কোটি টাকা অর্থ সাহায্য চেয়েছিল ট্রেনিং খাতের জন্য। এ প্রসঙ্গে শাহেদ রেজা বলেন,‘তাদের চিঠি আমরা পেয়েছি, তবে এত এজেন্ডার মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে পরে আলোচনা হবে।’ বিওএ’র নবনির্বাচিত কমিটির প্রথম সভায় মোট ১২টি ষ্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। বাংলানিউজ
