অবশেষে সফল হলেন আনুশকা। আমির খানের সঙ্গে একই চলচ্চিত্রে অভিনয়ের আশাটা বহু বছর ধরেই মনে পুষে রেখেছিলেন আনুশকা। আমিরের সঙ্গে অভিনয় করার কৌশলাদিও শিখেছেন বেশ কষ্ট করে আমিরের ভাগ্নে ইমরান খানের কাছ থেকে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আনুশকার। আমির খান ও রাজকুমার হিরানি প্রযোজিত ছবি ‘পিকে’তে আমির ও আনুশকা একসঙ্গে অভিনয় করবেন। খুব শীঘ্রই এর শুটিংও শুরু হয়ে যাবে। আর ছবিটি পরিচালনা করছেন ‘থ্রি ইডিয়টস’-এর পরিচালক রাজকুমার হিরানি। আর নিজের এই স্বপ্নপূরণ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় অভিনেতা হচ্ছেন শাহরুখ খান, তারপর আমির খান। শাহরুখের মাধ্যমেই বলিউডে আমি যাত্রা শুরু করি। এটা আমার সৌভাগ্যের একটা বড় অংশ। তারপর থেকেই স্বপ্ন পুষে রেখেছিলাম আমিরের সঙ্গে অভিনয়ের। এবার সেটাও পূরণ হতে চলেছে।’
