সোয়ানসি সিটি অবশেষে ফাইনালে! ইংল্যান্ডের ফুটবলে ১০০ বছরের ইতিহাসের মধ্যে এই প্রথম তারা লিগ কাপের ফাইনালে উঠে আসলো। গত বুধবার লিগ কাপে সেমিফাইনালের ফিরতি লেগে স্বাগতিক সোয়ানসি ও চেলসির লড়াইটা হয়েছে গোলশূন্য ড্র। কিন্তু প্রথম লেগে চেলসির মাঠে সোয়ানসি ২-০ গোলে জয় তুলে নেয়। ফলে ফাইনাল নিশ্চিত হয়েছে সোয়ানসির। তবে এই ম্যাচটিতে গোল না হলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। চেলসির প্লে মেকার এডেন হ্যাজার্ড বলবয়কে পা দিয়ে আঘাত করার চেষ্টা করায় লালকার্ড নিয়ে মাঠ ছাড়েন।
স্ট্যামফোর্ড ব্রিজে দুই সপ্তাহ আগে সোয়ানসি জয় পেয়েছিল। ওয়েলসের ক্লাবটি আবারো নিজেদের অসাধারণ খেলাটি উপহার দেন সমর্থকদের। লন্ডনের দল চেলসির জন্য ম্যাচের শেষটাও ভাল হয়নি। দশজনের দলে তারা পরিণত হয়েছিল। খেলা শেষ হতে দশ মিনিট বাকি তখনও। বল মাঠের বাইরে গিয়েছিল। বলবয় বল দিতে অস্বীকৃতি জানায়। বল তখনো বল বয়ের কোলে। ধৈর্য হারিয়ে বেলজিয়ামের হ্যাজার্ড ঐ সময় বলে আঘাত করার চেষ্টা করেন। বলবয় মাটিতে শুয়ে পড়ে আঘাত পেয়েছেন এমন আচরণ করেন। রেফারি ক্রিস ফয় মাঠে হ্যাজার্ডকে ডেকে নিয়ে লালকার্ড দেখান। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২৪ ফেব্রুয়ারি লিগ কাপের ফাইনালে ব্রাডফোর্ড সিটির মোকাবেলা করবে সোয়ানসি সিটি।
