পাকিস্তানের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারলেও সফরকারী ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত। নিজেদের ফিরে পাওয়ার সাথে সাথে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে নিজেদের মত বদলাতে শুরু করেছেন ক্রিকেট বোদ্ধারা। ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক জিওফ্রে বয়কট ধোনির মতো একজন অধিনায়ক পাওয়া ভারতীয় ক্রিকেট দলের জন্য ভাগ্যের ব্যাপার।
বয়কট ভারতকে মাঝারি মানের ক্রিকেট দল বলে মন্তব্য করেন, আর সাথে যোগ করেন দলের তুলনায় অধিনায়ক হিসেবে যথেষ্ট ভালো ধোনি। আর তাই, দলের বাজে পারফরম্যান্সের জন্য ধোনিকে দোষারোপ করার বিপক্ষে বয়কট। বয়কট বলেন, ‘যদি ভারতীয় দলটিকে ভালো করে বিচার-বিবেচনা করে দেখা হয়, তাহলে দেখা যাবে তাদের মধ্যে ক্রিকেটীয় মানের অভাব। পেস বোলিং, স্পিন বোলিং থেকে শুরু করে ব্যাটিং কোন কিছুতেই এখন আর বিশ্বসেরা নয় ভারত। ভারতের গ্রেট ক্রিকেটাররা সবাই একে একে বিদায় নিচ্ছেন। লক্ষণ, দ্রাবিড়ের পর শচিন। তাই, দলের উপর এর প্রভাব পড়বেই। এর জন্য তাই ধোনিকে দোষারোপের কোন কারণ আমি দেখি না। সবাই দলের জয়-পরাজয়ের অনুপাত বিবেচনা করে একজন অধিনায়ককে দেখে, দলটাকে দেখে না। দলটাকেই বরং আগে দেখতে হয়। তারা সৌভাগ্যবান যে, তাদের দলের অধিনায়ক ধোনি।’
বয়কট আরো মন্তব্য করেন, এই দল নিয়ে ধোনি তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারে না। তাই নিজের যোগ্যতা থাকার পরও দল থেকে ভালো ফলাফল বের করে আনা তার পক্ষে সম্ভব হয় না। বয়কট বলেন, ‘একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি বেশ দক্ষ একজন অধিনায়ক। টেস্টে ব্যাপারটা সেরকম নয়। তবে, দলে ধোনির অবর্তমানে দায়িত্ব পালন করার মতো কেউ নেই।’
দলের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে দুই ওপেনার বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীরের ব্যাপারে কথা বলেন বয়কট, ‘শেবাগ ভাগ্যবান যে, সে এখনো দলে নিজের যায়গা ধরে রাখতে পেরেছে। তার ক্রিকেটীয় দক্ষতা, মেধা কিংবা সামর্থ্য নিয়ে আমার কোন প্রশ্ন নেই। তবে ব্যাপার হল সবকিছুরই একটি শেষ আছে। আর আমি দেখতে পাচ্ছি শেবাগ এখন তার ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছে। আর গম্ভীর অনেকগুলো ওয়ানডে খেললেও তার টেকনিকে এখনো সমস্যা আছে। আমার মতে তাকে দলের বাইরে রেখে নতুন কোন খেলোয়াড়কে সুযোগ দেয়া উচিত।’
ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলির কথা প্রায়ই শোনা যায়। তবে বয়কটের মতে, অধিনায়ক হওয়ার জন্য কোহলির নিজেকে আরও প্রমাণ করতে হবে। তিনি বলেন, ‘ধোনি ঠাণ্ডা মেজাজের একজন অধিনায়ক। তবে কোহলির ক্ষেত্রে এটা মোটেও প্রযোজ্য নয়।’
