সেরাদের লড়াই

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৩১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের সেরা দুই দল নিঃসন্দেহে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালস। আজকের আগ পর্যন্ত দু’ দলই লিগে ৩টি করে ম্যাচ খেলে সব ক’টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে। আজ খুলনার আবু নাসের স্টেডিয়ামে দুপুর ২টায় এই দুই ‘সেরা’ দলের লড়াই টুর্নামেন্টকে মাঠে অন্তত জমিয়ে দেবে। দিনের অন্য ম্যাচে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে এবারের চমক হয়ে আসা রংপুর রাইডার্স ও স্বাগতিক খুলনা রয়েল বেঙ্গল টাইগার্স। ঢাকা গ্লাডিয়েটর্স প্রথম বিপিএলের চ্যাম্পিয়ন দল। তারা এবারও দল করেছে কাগজে-কলমে সেরা। দলে আছেন মাশরাফি, সাকিব, আশরাফুল, লুক রাইট, ওয়াইস শাহ, এনামুল হকরা। এদের নিয়ে যেমন হওয়ার কথা তেমন অপ্রিরোধ্যই হয়ে উঠেছে ঢাকা। প্রতি ম্যাচেই তারকারা কেউ না কেউ ঝলসাচ্ছেন। ফলে জয়ের ধারাও চলছে তাদের। কিন্তু আজ তাদের প্রতিপক্ষ ‘অচেনা’ চেহারায় আবির্ভূত হওয়া সিলেট রয়্যালস। গত বিপিএলে ‘খারাপদের সেরা’ ছিল সিলেট। পয়েন্ট তালিকায় গতবার সবার নিচে থাকা সিলেট একটি ম্যাচে জয়ের মুখ দেখেছিল। কিন্তু এবার পাশার দান তারা উল্টে দিয়েছে। দলও তুলনামূলক ভালো করায় এবার টানা তিন ম্যাচেই জয় পেয়েছে সিলেট। এমন দলের মুখোমুখি হওয়াটা নিঃসন্দেহে চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জটা অনুভব করতে পারছেন ঢাকার অন্যতম বড় তারকা মোশাররফ হোসেন। তিনি বলছেন, হাই ভোল্টেজ একটা ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছেন, ‘আমি অপেক্ষা করছি দারুণ একটা লড়াইয়ের। ওরা দল হিসেবে দারুণ ফর্মে আছে। সেই সঙ্গে দলে মোমিনুল, মিলন এবং কয়েকজন বিদেশি দারুণ খেলছে। ওদের দেশি-বিদেশি সব খেলোয়াড়ই ভালো করছে। মজার ব্যাপার হল, আমারও দারুণ ফর্মে আছি। আমাদেরও আত্মবিশ্বাস ভালো অবস্থায় আছে। ফলে লড়াই জমবেই।’ লড়াই দ্বিতীয় ম্যাচেও জমে ওঠার কথা। এবারের লিগে সিলেটের পরই সবচেয়ে বড় চমক উপহার দিচ্ছে রংপুর। লিগে নবাগত এই দলটি খেলা শুরুর আগের দিন পর্যন্ত খেলোয়াড় সংকটে ছিল। তারপরও এরই মধ্যে ৩ ম্যাচের দু’টিতে জিতে বড় দলগুলোকে সতর্ক বার্তা পাঠাচ্ছে তারা। অন্যদিকে খুলনাও একই সংকটে খেলা শুরু করেছিল। তারা নিজেদের সামলে উঠতেই পারছিল না। ফলে গতকালকের আগ পর্যন্ত টানা তিন ম্যাচ হেরেছে তারা। এ পর্যন্ত ফলাফল হলে আজকের ম্যাচটি হয়তো জমতো না। কিন্তু গতকালই রাজশাহীর বিপক্ষে নিজেদের ফিরে পেয়েছে খুলনা। ফলে আজ আরেকটা ভালো লড়াইয়ের অপেক্ষা করা যেতেই পারে।