উসাইন বোল্ট বলেছেন এবারের মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলিম্পিক কীর্তির পুনরাবৃত্তি করতে চান তিনি। লন্ডন অলিম্পিকে বোল্ট ১০০ ও ২০০ মিটারের পাশাপাশি জেতেন চার গুণীতক ১০০ মিটার রিলের সোনাও। তিনি এছাড়াও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্বরেকর্ডধারী। বোল্ট এ বছরে নিজের লক্ষ্য সস্পর্কে গত বুধবার সাংবাদিকদের বলেন, ‘মস্কোতে আগামী আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমার লক্ষ্য তিনটি সোনা জেতা এবং অলিম্পিক সাফল্যের পুনরাবৃত্তি করা।’ নিজের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘আমার প্রস্তুতি খুবই ভাল। এই মুহূর্তে আমার কোন ইনজুরি সমস্যা নেই এবং আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। অর্থাত্ সবকিছু পরিকল্পনা অনুযায়ীই হচ্ছে। আমি পূর্ণ প্রস্তুতি নিয়েই বিসলেটে (ডায়মন্ড লিগ প্রতিযোগিতা) যেতে চাই এবং দারুণ এক দৌড়ের দিকেই আমি তাকিয়ে আছি।’ উল্লেখ্য, আগামী ১৩ জুন নরওয়ের বিসলেটে ডায়মন্ড লিগ শুরু হচ্ছে।
