মরিনহোর সাথে বিবাদের গুজব উড়িয়ে দিল রিয়াল

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৩১
দলের শীর্ষ খেলোয়ারদের সঙ্গে কোচ মরিনহোর বিবাদের কথা উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ। কয়েকদিন আগে গুঞ্জন উঠে মরিনহোর আচরণে ক্ষুদ্ধ দলের বেশকিছু খেলোয়াড় আগামী মৌসুমে মরিহোকে দল থেকে বিদায় দেয়ার জন্য ক্লাব প্রেসিডেন্ট বরাবর আলটিমেটাম পাঠান। স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কার গত মঙ্গলবারের সংখ্যার শিরোনাম প্রকাশ ছিল, ‘প্রেসিডেন্ট, হয় সে নয় আমরা।’ মার্কার প্রকাশিত সংবাদ অনুযায়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস এবং সার্জিও রামোস ক্লাব কতৃপক্ষের সাথে এক বৈঠকে দাবী জানান, যদি ‘স্বঘোষিত’ স্পেশাল ওয়ান’ আগামী মৌসুমেও দলের দায়িত্বে থাকেন তাহলে দলের বেশ কিছু খেলোয়াড় দল ছাড়ার জন্য মানসিকভাবে তৈরী। তবে রিয়াল কতৃপক্ষ মার্কার এই খবরের সত্যতা অস্বীকার করে বলেছে,‘হ্যাঁ যে আলোচনার কথা বলা হচ্ছে সেটা হয়েছে তবে আলোচনার বিষয়বস্তু মোটেও ঐ ধরনের কিছু ছিলনা। মার্কার যা বলেছে সেটা একেবারেই মিথ্যা।’ রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এই বিষয়ে আগামী বৃহস্পতিবার স্যান্টিয়্যাগো বার্নাব্যুতে এক সংবাদ সম্মেলনে সবকিছু পরিস্কার করবেন বলে আশা করা হচ্ছে।