বছর পাঁচেক আগেও শিল্পীদের শিডিউল ফাঁসানোর ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক বিষয়। বর্তমানে এমন ঘটনা খুব একটা চোখে পড়ে না। এই সময়ে এসে শিডিউল ফাঁসানোর মতো পুরনো ঘটনা ঘটলো নতুন করে। তাও আবার তরুণ আলোচিত শিল্পী আরমান আলিফের সূত্র ধরে।
জানা গেছে, বৃহস্পতিবার (২ মে) সকালে বাংলাভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’-এর অতিথি ছিলেন ‘অপরাধী’ খ্যাত সংগীতশিল্পী আরমান আলিফ। বুধবার রাত পর্যন্ত আরমান আলিফ চ্যানেল কর্তৃপক্ষকে বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়ে টিভি স্টেশনে হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু সকাল থেকে তিনি আর কোনও ফোন ধরছিলেন না। কোনোরকম অবহিতকরণ ছাড়াই অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন।
অনুষ্ঠানটির প্রযোজক আরিফ হোসেন জানান, ‘বুধবার (১মে) রাত সাড়ে ৮টার দিকে আরমান আলিফের সাথে অনুষ্ঠানের অতিথি হওয়ার বিষয়ে আমাদের চূড়ান্ত ও শেষ কথা হয়। কথা ছিল বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাভিশনে উপস্থিত থাকবেন তিনি। ১১টা ৫ মিনিটে লাইভ অনুষ্ঠান প্রচার হবে তাকে ঘিরে। কিন্তু আরমান আলিফ ১০টায় বাংলাভিশনে তো আসেনইনি বরং তার ফোনও বন্ধ পাওয়া যায়। সকাল ৯টা থেকে তার সঙ্গে ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এতে আমরা লাইভ অনুষ্ঠানটি প্রচার করতে পারিনি, যা আমাদের চ্যানেলের জন্য খুবই বিব্রতকর একটি ঘটনা।’
আরো পড়ুন: প্রচণ্ড তাপদাহে তৃষ্ণার্ত শ্রমিকদের পাশে শিক্ষার্থীরা
এদিকে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা অনভিপ্রেত একটি ঘটনা। কারণ, আমরা আমাদের দর্শকদের প্রতি সবসময় কমিটেড থাকি। যদিও সেই কমিটমেন্ট আজ রাখতে পারিনি আরমানের অপেশাদারি আচরণের জন্য। প্রতিটি অনুষ্ঠান, বিশেষ করে লাইভ অনুষ্ঠানে প্রযোজক, উপস্থাপক ও শিল্পীর সমান দায়িত্ব থাকে। অতিথির কাছ থেকে এমন অপেশাদার আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। একজন শিল্পীর কাছ থেকে এ ধরেনের অপেশাদারমূলক আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা এর দিন্দা জানাচ্ছি।’
প্রসঙ্গত, আরমান আলিফের এমন অপেশাদারি আচরণের ঘটনা এটাই প্রথম নয়। শুরু থেকেই অডিও ইন্ডাস্ট্রিতে তার আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছিলেন গান সংশ্লিষ্টরা।
